পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে কয়েক দিন ধরে থেমে থেমে সংঘর্ষ চলছিল। এরই মধ্যে ২৭ ফেব্রুয়ারি ভোরে পাকিস্তান কাবুলসহ কান্দাহার ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায়, এতে হতাহতের ঘটনাও ঘটে। উভয় পক্ষই সংঘর্ষ শুরুর জন্য একে অপরকে দায়ী করছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী পরিস্থিতিকে “প্রকাশ্য যুদ্ধ” হিসেবে উল্লেখ করেছেন।
এই প্রেক্ষাপটে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আকাশ পথে পাকিস্তানের হামলার দৃশ্য দাবিতে একটি ভিডিও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
অন্যদিকে, ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভি একই ভিডিওকে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় আফগানিস্তানের হামলা দাবিতে প্রচার করেছে৷

উক্ত দাবিতে প্রচারিত গণমাধ্যমের প্রতিবেদন দেখুন এখানে- যমুনা টিভি (ইউটিউব)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটির সঙ্গে সাম্প্রতিক পাকিস্তান-আফগানিস্তান সংঘাতের কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, অন্তত ২০২১ সাল থেকে ইন্টারনেটে বিদ্যমান থাকা একটি ভিডিওকে সাম্প্রতিক পাকিস্তান-আফগানিস্তান সংঘাতের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Jamshid Hakkak’ নামক ফেসবুক পেজে ২০২১ সালের ০৮ মে প্রকাশিত আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। তবে, ভিডিওটি কোথাকার বা কোন ঘটনার তা পোস্টে উল্লেখ করা হয়নি৷
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক পাকিস্তান-আফগানিস্তান সংঘাতের দৃশ্য নয়।
এছাড়া, সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত নিউজ চ্যানেল Al Hadath এর এক্স হ্যান্ডেলে ২০২১ সালের ২৬ আগস্ট ‘আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকার সংঘাতের দৃশ্য’ দাবিতে একই ভিডিও প্রচার করা হয়।

একই ঘটনার দৃশ্য দাবিতে ভিডিওটি অন্য কোথাও প্রচারের তথ্য পাওয়া যায়নি বলে ভিডিওটির উৎস চূড়ান্তভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে, এটি স্পষ্টতই পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে বর্তমান সংঘাতের দৃশ্য নয়।
সুতরাং, সাম্প্রতিক পাকিস্তান-আফগানিস্তান সংঘাতের দৃশ্য দাবিতে অন্তত ৪ বছর পুরোনো ভিডিও ফুটেজ প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Jamshid Hakkak – Facebook Post
- Al Hadath – X Post


