সীমান্তে মাইন পাতার সময় বিজিবির হাতে ভারতীয় গুপ্তচর আটকের দাবিটি ভুয়া, প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার

সম্প্রতি, ভারত থেকে বাংলাদেশে পুশইন করা নিয়ে দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের সাথে বিজিবির উত্তেজনা বিরাজ করছে।
এরই প্রেক্ষিতে, ‘মাইন পাতার জন্য বাংলাদেশে অনুপ্রবেশকারী বিএসএফ-এর এক গুপ্তচর’কে আটক করেছে বিজিবি’ দাবিতে একটি ভিডিও দেশের গণমাধ্যম ও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
অনলাইন গণমাধ্যম বিডি২৪ রিপোর্ট (আর্কাইভ) তাদের ফেসবুক পেজেও একই ভিডিও প্রচার করে।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটির সাথে প্রচারিত দাবির কোনো সম্পর্ক নেই এবং সাম্প্রতিক সময়ে সীমান্তে ভারতীয় গুপ্তচর আটকেরও কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন মুন্সীগঞ্জ-৩ আসনের একটি ভোটকেন্দ্রের পাশে কয়েক দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ৫ জনকে আটক করা হয়। ভিডিওটি সেই ঘটনার।
অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভির ইউটিউব চ্যানেলে গত ১২ ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

যমুনা টিভির ক্যাপশনে লিখা রয়েছে, মুন্সিগঞ্জে কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ; পাকড়াও করলো সেনাবাহিনী।
উক্ত সূত্র ধরে অনুসন্ধানে আরেক ইলেকট্রনিক গণমাধ্যম স্টার নিউজের ফেসবুক পেজেও একই ভিডিও পাওয়া যায়। ক্যাপশনে লিখা রয়েছে, মুন্সিগঞ্জে ককটেল বিস্ফোরণ, ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী।
আরও অনুসন্ধানে ইত্তেফাকের ওয়েবসাইটে একই দিনে “মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আটক ৫” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কাছে কয়েক দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং একপর্যায়ে আলুর জমিতে দৌড়ে পালানোর চেষ্টা করার সময় ৫ জনকে আটক করা হয়। একটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন: রহমত মাঝি (৪২), পারভেজ মাঝি (২৭), মো. কামাল (৩৭), আরশাদ মাঝি ও সালিম মাঝি।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, গত ফেব্রুয়ারি মাসের ভিন্ন ঘটনার ভিডিওকে সম্প্রতি সীমান্তে বিএসএফের গুপ্তচর মাইন পাততে এসে বিজিবির হাতে আটক দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Jamuna Television- Report
- Star News- Facebook Post
- Ittefaq- মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আটক ৫

