নামাজি ব্যক্তিদের উগ্রবাদী বলেছেন কর্ণেল অলি শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর সভাপতি কর্নেল অলি আহমদ বলেছেন, ‘যারা নামায পড়ে তাদের বলে উগ্রবাদী আর যারা নেংটা হয়ে নাচে তাদের বলে ভালো মুসলমান।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যারা নামাজ পড়ে তাদের উগ্রবাদী আর যারা ‘নেংটা হয়ে নাচে’ তাদের ভালো মুসলমান বলেননি লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্ণেল অলি আহমদ। প্রকৃতপক্ষে, তিনি বর্তমানে বাংলাদেশের অবস্থা বোঝাতে উক্ত বাক্য ব্যবহার করেন।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে বেশিরভাগ পোস্টে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণে উল্লেখ পাওয়া যায়নি। তবে, কিছু পোস্টে সূত্র হিসেবে ‘বাংলা কারেন্ট’ এর উল্লেখ পাওয়া যায়।

এরই সূত্র ধরে অনুসন্ধানে ‘বাংলা কারেন্টস’ নামের একটি ফেসবুক পেজে গত ১৪ মার্চে প্রচারিত একটি ফটোকার্ড পাওয়া যায়। ফটোকার্ডে লেখা হয়েছে, ‘যারা নামাজ পড়ে তাদের বলে উগ্রবাদী, আর নেংটা হয়ে নাচে তাদের বলে ভালো মুসলমান। – কর্নেল (অবঃ) অলি আহমেদ | এলডিপি চেয়ারম্যান’। পোস্টের ক্যাপশনে বলা হয়, ‘যারা ইসলামি বিধান মেনে চলেন তাদের কেন কটাক্ষ করা হয়? আর অশালীনতাকে কেন ‘ভালো মুসলিম’ হওয়ার সার্টিফিকেট দেওয়া হচ্ছে? সামাজিক এই অবক্ষয় নিয়ে কর্নেল অলি আহমেদের কড়া বার্তা।’

অর্থাৎ, বাংলা কারেন্টস এর পোস্ট থেকে বোঝা যায়, ফটোকার্ডের বক্তব্যটি কর্ণেল অলির নিজস্ব বিশ্বাস নয়, তিনি বরং সামাজিক অবক্ষয় বোঝাতে সামাজিক বিশ্বাস হিসেবে এরূপ কথা বলেছেন।

এ বিষয়ে অধিকতর অনুসন্ধানে ‘এস টিভি পোরশা Stv Porsha’ নামের একটি ফেসবুক পেজে গত ৬ মার্চে কর্ণেল অলির বক্তব্যের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে কর্ণেল অলিকে বলতে শোনা যায়, ‘যারা নামাজ পড়ে মসজিদে যায় তাদেরকে বলে উগ্রবাদী। আর যারা নেংটা হয়ে বিভিন্ন জায়গায় নাচানাচি করে তাদেরকে বলে ভালো মুসলমান। এইটা হয়ে গেছে এখন বাংলাদেশের বর্তমান অবস্থা। যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশ অনুযায়ী চলে তাদের হেয়-প্রতিপন্ন করা হয়।’ এছাড়াও, আরো একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টেও কর্ণেল অলির উক্ত বক্তব্যের ভিডিও পাওয়া যায়।

এছাড়াও অনুসন্ধানে মূলধারার সংবাদমাধ্যম ‘ডিবিসি নিউজ’ এর ইউটিউব চ্যানেলে গত ২৫ মার্চে কর্ণেল অলির বক্তব্যের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে কর্ণেল অলিকে বলতে শোনা যায়, ‘…বলল উগ্রবাদীদের ভোট দেওয়া যাবে না। ভাই উগ্রবাদী মানে কী বলছেন? যারা নামাজ পড়ে, দাঁড়ি রাখে, মসজিদে যায় তারা কি উগ্রবাদী? এখন উগ্রবাদীর ডেফিনিশনটাই বদলে গেছে। উগ্রবাদী হলো যারা কোন নিয়মকানুন শৃঙ্খলা আল্লাহকে মানে না, আল্লাহর রসুলকে মানে না তারাই হলো উগ্রবাদী। যারা নিয়মকানুনের মধ্যে চলে আল্লাহকে মানে আল্লাহর রসুলকে মানে নির্দেশিত পথে চলে, তারা হলো সঠিক মোমেন মুসলমান। তাদের দ্বারা অন্য ধর্মের লোকের কোন ক্ষতি হতে পারে না।…’ কর্ণেল অলির উক্ত বক্তব্যের ভিডিও আরো একাধিক গণমাধ্যম সূত্রেও পাওয়া যায়।

উপরোক্ত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করলে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত বক্তব্যটি কর্ণেল অলির নিজস্ব বিশ্বাস নয়, তিনি বরং সামাজিক অবক্ষয় বোঝাতে সামাজিক বিশ্বাস হিসেবে এরূপ কথা বলেছেন।

সুতরাং, নামাজি ব্যক্তিদের উগ্রবাদী এবং ‘নেংটা’ হয়ে নাচা মানুষদের ভালো মুসলমান বলেছেন কর্ণেল অলি শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: