ওসমান হাদির হামলাকারীকে দুইবার জামিন করিয়েছেন শিশির মনি দাবিতে বিবিসি বাংলার ভুয়া ফটোকার্ড প্রচার 

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন। ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। সন্দেহভাজন এই ব্যক্তিকে ঢাকার আদাবরের একটি অফিসে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় আদাবর থানার একটি মামলায় গত বছরের ৭ নভেম্বর গ্রেপ্তার করেছিল র‍্যাব। ওই মামলায় গত ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান ফয়সাল করিম। জামিনের সময়সীমা বাড়াতে গত ১২ আগস্ট আবারও আবেদন করলে হাইকোর্ট নতুন করে তাঁর এক বছরের জামিন মঞ্জুর করেন। এই ঘটনার প্রেক্ষিতে ‘হাদির উপরে হামলাকারীকে পূর্বে দুইবার জামিন করিয়েছেন শিশির মনির’ শিরোনামে বিবিসি বাংলার ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘হাদির উপরে হামলাকারীকে পূর্বে দুইবার জামিন করিয়েছেন শিশির মনির’ শিরোনামে বিবিসি বাংলা কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, বিবিসি বাংলার ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত দাবিতে উক্ত ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে বিবিসি বাংলার লোগো, শিশির মনি ও ওসমান হাদি আহত অবস্থার ছবি রয়েছে। তবে, প্রকাশের তারিখ উল্লেখ নেই।

এই সূত্র ধরে অনুসন্ধানে বিবিসি বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ পর্যালোচনার মাধ্যমে আলোচিত শিরোনামে প্রচারিত কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। এছাড়া, বিবিসি বাংলার ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবিতে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

পাশাপাশি, বিবিসি বাংলা কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, বিবিসি বাংলার ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ফন্টের পার্থক্য রয়েছে।

উল্লেখ্য, হাদির ওপর হামলার ঘটনায় শনাক্তকৃত ফয়সাল করিম গতবছর অস্ত্র আইনের গ্রেপ্তারের পর হাইকোর্টে তার (ফয়সাল) জামিন আবেদন করেছিলেন অ্যাডভোকেট কায়সার কামাল ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান। এই মামলার সাথে শিশির মনিরের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

সুতরাং, ‘হাদির উপরে হামলাকারীকে পূর্বে দুইবার জামিন করিয়েছেন শিশির মনির’ শিরোনামে বিবিসি বাংলার নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: