ওসমান হাদির মৃত্যুর দাবিতে বাংলাভিশনের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন তিনি। এই ঘটনার প্রেক্ষিতে ‘ওসমান হাদী আর নেই’ শিরোনামে ইলেকট্রনিক গণমাধ্যম বাংলাভিশন এর লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ওসমান হাদী আর নেই’ শীর্ষক তথ্যে বা শিরোনামে বাংলাভিশন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি। প্রকৃতপক্ষে, বাংলাভিশনের ভিন্ন একটি ফটোকার্ডকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে বাংলাভিশনের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ‘১৭ ডিসেম্বর ২০২৫’ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে বাংলাভিশনের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, বাংলাভিশনের ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

তবে, বাংলাভিশনের ফেসবুক পেজে গত ১৭ ডিসেম্বর প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডে থাকা ছবি এবং ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডটির মিল রয়েছে।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের তারিখ ও বাংলাভিশনের লোগোর মিল রয়েছে। তবে, উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। মূল ফটোকার্ডটিতে ‘ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন’ শীর্ষক শিরোনামের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘ওসমান হাদী আর নেই’ শীর্ষক বাক্যটি যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অর্থাৎ, বাংলাভিশনের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত বাংলাভিশনের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৭ ডিসেম্বর সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান ওসমান হাদিকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টাকে ফোনে জানান, শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

সুতরাং, ‘ওসমান হাদী আর নেই’ শীর্ষক শিরোনামে বাংলাভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: