ওসমান হাদি প্রসঙ্গে ড. ইউনূসের বক্তব্য যুক্ত প্রথম আলোর এই ফটোকার্ডটি সম্পাদিত

গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যুর খবর আসে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দৈনিক প্রথম আলোর লোগো সম্বলিত একটি ফটোকার্ড প্রচারিত হয়। যেখানে দাবি করা হয় ওসমান হাদির জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “বীর ওসমান হাদি, বিদায় দিতে আসিনি, তুমি সব জঙ্গি দের বুকের মধ্যে থাকবে।”

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বীর ওসমান হাদি, বিদায় দিতে আসিনি, তুমি সব জঙ্গিদের বুকের মধ্যে থাকবে: প্রধান উপদেষ্টা’ শীর্ষক তথ্যে বা শিরোনামে প্রথম আলো কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে মূলধারার গণমাধ্যম প্রথম আলোর লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ২০ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ রয়েছে। এর সূত্র ধরে প্রথম আলোর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া প্রথম আলোর ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, গত ২০ ডিসেম্বর প্রথম আলোর ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে এই ফটোকার্ডটিতে উল্লেখ রয়েছে যে জানাজায় প্রধান উপদেষ্টা বলেছেন, “বীর ওসমান হাদি, বিদায় দিতে আসিনি, তুমি সব বাংলাদেশির বুকের মধ্যে থাকবে” যা আলোচিত ফটোকার্ডে পরিবর্তন করে ‘বীর ওসমান হাদি, বিদায় দিতে আসিনি, তুমি সব জঙ্গিদের বুকের মধ্যে থাকবে।’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, প্রথম আলোর এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সম্বলিত পোস্টটির কমেন্টে পাওয়া এ সংক্রান্ত সংবাদ প্রতিবেদনে জানা যায়, ২০ ডিসেম্বর দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির জানাজার আগে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ‘বীর ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছ এবং চিরদিন বাংলাদেশ যত দিন আছে, তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না।’

এছাড়া মূলধারার কোনো গণমাধ্যমে আলোচিত দাবিটি সমর্থন করে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি।

সুতরাং, ড. ইউনূস বলেছেন ওসমান হাদি সব জঙ্গিদের বুকে থাকবে এমন বক্তব্য যুক্ত প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: