ওসমান হাদির জানাজার আসল দৃশ্য দাবিতে এআই ছবি প্রচার 

গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান। গত ২১ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। এরই প্রেক্ষিতে ওসমান হাদির জানাজার দৃশ্য দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি ওসমান হাদির জানাজার আসল ছবি নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি এই ছবিকে আসল দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি নিয়ে রিভার্স সার্চ করলে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত ছবিটি আসল হওয়ার সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি, ওসমান হাদির কোনো জানাজার ভিডিওতেও আলোচিত দৃশ্য পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে ওসমান হাদির জানাজার এরূপ কোনো ছবি ধারণ করা হলে তা মূলধারার গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যেত।

পরবর্তী অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম এটিএন বাংলার ইউটিউব চ্যানেলে গত ২১ ডিসেম্বরে ওসমান হাদির জানাজার সরাসরি সম্প্রচারিত ভিডিও পাওয়া যায়। ভিডিওতে প্রদর্শিত ওসমান হাদির জানাজার দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত দৃশ্যের বৈসাদৃশ্য পাওয়া যায়, যা নিশ্চিত করে প্রচারিত ছবি ওসমান হাদির জানাজার দৃশ্যের নয়।

তাছাড়া, প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণে জানাজা, জানাজায় উপস্থিত মানুষের গঠন ও পারিপার্শ্বিক অবস্থাতেও অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি কনটেন্টে দেখা যায়।

এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই ও ডিপফেক কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘ডিপফেক ও মিটার’ এ আলোচিত ভিডিওটি বিশ্লেষণ করলে এটি ভুয়া হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়। প্ল্যাটফর্মটির ‘GLFF’ ডিটেক্টরের বিশ্লেষণমতে ভিডিওটি ভুয়া বা এআই তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৫ শতাংশ। এছাড়াও, এআই কনটেন্ট শনাক্তকারী আরেক প্ল্যাটফর্ম ‘হাইভ মডারেশন’ এ আলোচিত ভিডিওটি বিশ্লেষণ করলে এটি এআই দিয়ে তৈরি কনটেন্ট হওয়ার সম্ভাবনা ৯৯.৭ শতাংশ বলে জানা যায়।

সুতরাং, এআই দিয়ে তৈরি ছবিকে ওসমান হাদির জানাজার আসল ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: