গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যুর খবর আসে। পরদিন ১৯ ডিসেম্বর তার মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছে। এরপর গতকাল (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ জড়ো হতে থাকেন। জানাজায় লাখ লাখ মানুষ শরিক হন।
এই প্রেক্ষাপটে হাদির জানাজায় হুড়োহুড়িতে ২ জন নিহত হয়েছেন দাবিতে একটি তথ্য সামাজিক মাধ্যমে প্রচারিত হয়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওসমান হাদির জানাজায় ২ জন নিহত হওয়ার দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই বানোয়াট এই তথ্য প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে বিশ্বস্ত কোনো সূত্রে এ দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। হাদির জানাজা নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও কোনো প্রতিবেদনে ২ জন নিহত হওয়ার তথ্য উল্লেখ নেই। জানাজা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দেশীয় গণমাধ্যমগুলো গুরুত্বসহকারে সংবাদ প্রকাশ করেছে। বাস্তবে এমন কোনো ঘটনা ঘটলে দেশের অধিকাংশ গণমাধ্যমেই তা প্রকাশ পেত। কিন্তু তেমন কিছু দেখা যায়নি।
আলোচিত দাবির পোস্টে একটি ছবি সংযুক্ত থাকতে দেখা যায়। ছবিটি নিয়ে অনুসন্ধানে ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)-এর এক্স অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। প্রচারিত ছবিটি ওই ভিডিওর একটি স্থিরচিত্র। এএনআইয়ের পোস্টেও জানাজায় কারও মৃত্যুর কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
বিষয়টি আরও নিশ্চিত হতে হাদির জানাজার সময় ঘটনাস্থলে উপস্থিত এক সংবাদকর্মীর সঙ্গেও যোগাযোগ করে রিউমর স্ক্যানার। কালের কণ্ঠে কর্মরত সংবাদকর্মী মো. তৌকির আহমেদ জানান, দাবিটি মিথ্যা। এমন কোনো ঘটনা ঘটেনি।
সুতরাং, ওসমান হাদির জানাজায় হুড়োহুড়িতে ২ জন নিহত হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis.
- ANI: X Post
- Statement from Md. Toukir Ahmed


