গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যুর খবর আসে। এই ঘটনার পর অনলাইনে একজন নারীর বক্তব্য দেওয়ার ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, তিনি হাদির মা।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।
একই ভিডিও দেখুন ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, এক্সে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে যে নারীকে বক্তব্য দিতে দেখা যাচ্ছে তিনি ওসমান হাদির মা নয়। প্রকৃতপক্ষে, তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিশাত শারমিন। ১৯ ডিসেম্বর প্রেসক্লাবে সম্মিলিত নারী প্রয়াস নামে একটি সংগঠনের মানববন্ধনে হাদিকে নিয়ে তার বক্তব্য দেওয়ার এই ফুটেজের সাথে ভুয়া দাবির ক্যাপশন জুড়ে দিয়ে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে Islamic Tv Dhaka নামের একটি ফেসবুক পেজে ১৯ ডিসেম্বর প্রকাশিত একটি লাইভ ভিডিওতে একই নারীকে বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি সেদিন ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে সম্মিলিত নারী প্রয়াস নামের একটি সংগঠনের আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ভিডিও। ভিডিওতে উক্ত নারীর বক্তব্যের আগে তাকে পরিচয় দেওয়া হয়, সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিশাত শারমিন হিসেবে।

সংগঠনটির ফেসবুক পেজের এক পোস্টেও উক্ত নারীর এক পরিচয় পাওয়া যায়। পেজটির আরেক পোস্টে একই ভিডিও প্রচার করে তা ‘এক মায়ের আকুতি’ বলে ক্যাপশনে লেখা হয়েছে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, ওসমান হাদির মায়ের নাম তাসলিমা হাদি।
সুতরাং, ভিন্ন নারীর বক্তব্যের ভিডিওকে ওসমান হাদির মায়ের আর্তনাদ দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Islamic Tv Dhaka: Facebook Live


