ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পরই দেশের একাধিক গণমাধ্যমে ওসমান হাদি এক শিশুকে কাঁধে নিয়ে নির্বাচনী প্রচারণায় স্লোগান দিচ্ছেন এমন একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়, শিশুটি হাদির সন্তান।

উক্ত দাবির গণমাধ্যমের প্রতিবেদন/ভিডিও দেখুন যুগান্তর, ইনকিলাব, দ্য নিউজ।
কিছু গণমাধ্যম হাদির সন্তানের খবর দিতে গিয়ে ভিডিওর থাম্বনেইলে এ সংক্রান্ত ছবি প্রচার করেছে। দেখুন ডিবিসি নিউজ, আমার দেশ, বাংলাদেশ প্রতিদিন।

একই দাবি দেখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে, টিকটকে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওসমান হাদির কাঁধে থাকা শিশুটি তার সন্তান নয়। প্রকৃতপক্ষে, হাদির নির্বাচনী প্রচারণায় আসা এক ব্যক্তির সন্তানকে হাদির সন্তান দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে গত ২৮ ও ২৯ নভেম্বরের একাধিক পোস্টে আলোচিত ফুটেজটি পাওয়া যায়। জানা যায়, ২৮ নভেম্বর কনসার্টের আয়োজন করেন হাদি। সেই কনসার্টেরই দৃশ্য ছিল এটি। তবে এসব পোস্টে উক্ত শিশুর কোনো পরিচয় উল্লেখ পাওয়া যায়নি।
অনুসন্ধানে ইউটিউবে TSL Originals নামের একটি চ্যানেলে চলতি বছরের ১৩ জুন প্রকাশিত একটি পডকাস্টের ভিডিও পাওয়া যায়। এই পডকাস্টে উপস্থাপক হিসেবে ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং অতিথি হিসেবে ছিলেন ওসমান হাদি। ১ ঘন্টা ১৮ মিনিটের দীর্ঘ এই ভিডিওর ৫৯ মিনিট সময় থেকে হাদিকে বলতে শোনা যায়, তার একটি তিন মাস বয়সী সন্তান রয়েছে।
অর্থাৎ, হাদির একমাত্র সন্তানের বয়স বর্তমান নয় অথবা দশ মাসের বেশি হবে না৷
এ বিষয়ে জানতে ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমার সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, শিশুটি হাদির প্রচারণায় আসা এক ব্যক্তির সন্তান।
জুমা জানান, ওসমান হাদির একটিই সন্তান, তার বয়স দশ মাস।
সুতরাং, ওসমান হাদির নির্বাচনী প্রচারণায় আসা এক ব্যক্তির সন্তানকে হাদির সন্তান দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- TSL Originals: YouTube Video


