‘হাদি ভাইয়ের ছেলে’ ক্যাপশনে ভিন্ন ব্যক্তির সন্তানের ভিডিও ভাইরাল 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের কোলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরিফ ওসমান হাদির ছেলে দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ভিডিও দেখুন ফেসবুক, টিকটকে

টিকটকে ভিডিওটি দেখা হয়েছে চার লক্ষ ৪১ হাজারেরও বেশি বার।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শিশুটি ওসমান হাদির সন্তান নয়। প্রকৃতপক্ষে, ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদের বিয়েতে আসা ভিন্ন এক ব্যক্তির শিশুকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদকে বরের বেশে দেখা যায়।

জাতীয় দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদন থেকে জানা যায়, ২৪ ডিসেম্বর (২০২৫) ঢাকার একটি মসজিদে ফরহাদের আক্দ সম্পন্ন হয়। পরে সেখানকার একটি রেস্তোরাঁয় ঘরোয়া পরিবেশে নবদম্পতির বিবাহোত্তর মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

অর্থাৎ, ভিডিওটি ২৪ ডিসেম্বরের।

অনুসন্ধানে ইউটিউবে TSL Originals নামের একটি চ্যানেলে গেল বছরের ১৩ জুন প্রকাশিত একটি পডকাস্টের ভিডিও পাওয়া যায়। এই পডকাস্টে উপস্থাপক হিসেবে ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং অতিথি হিসেবে ছিলেন ওসমান হাদি। ১ ঘন্টা ১৮ মিনিটের দীর্ঘ এই ভিডিওর ৫৯ মিনিট সময় থেকে হাদিকে বলতে শোনা যায়, তার একটি তিন মাস বয়সী সন্তান রয়েছে।

অর্থাৎ, হাদির একমাত্র সন্তানের বয়স বর্তমানে দশ মাসের বেশি হবে না৷

তাছাড়া, ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমাও রিউমর স্ক্যানারকে সম্প্রতি জানিয়েছিলেন, ওসমান হাদির একটিই সন্তান, তার বয়স দশ মাস। তবে আলোচিত ভিডিওতে থাকা শিশুটির বয়স আরো বেশি বলে প্রতীয়মান হয়।

এ বিষয়ে জানতে ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের সাথে যোগাযোগ করলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, এটা হাদির ছেলে না। পাশেই দাড়ানো ছিল শিশুটির বাবা।

সুতরাং, ওসমান হাদির সন্তান দাবিতে ভিন্ন ব্যক্তির সন্তানের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

  • Statement 
  • Rumor Scanner’s analysis 
Share: