গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এরই প্রেক্ষিতে, ‘ওসমান হাদীর স্ত্রীর এই প্রথম কড়া বক্তব্য উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন ভারত ও সেনাপ্রধানকে কড়া হুশিয়ারি দিলেন’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রাচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে যে নারীকে বক্তব্য দিতে দেখা যাচ্ছে তিনি ওসমান হাদির স্ত্রী নয়। প্রকৃতপক্ষে, তিনি কেয়ারি লিমিটেডের ডিরেক্টর ও সম্মিলিত নারী প্রয়াসের কোষাধ্যক্ষ রাইহানা সুলতানা নাসিম। ১৯ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত নারী প্রয়াসের মানববন্ধনে হাদিকে নিয়ে তার বক্তব্য দেওয়ার এই ফুটেজের সাথে ভুয়া দাবির ক্যাপশন জুড়ে দিয়ে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘সম্মিলিত নারী প্রয়াস’ এর ফেসবুক পেজে ১৯ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে থাকা নারীর সাথে আলোচিত দাবিতে প্রচারিত নারীর মিল রয়েছে।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, সেদিন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে সম্মিলিত নারী প্রয়াসের করা মানববন্ধনে বক্তব্য দেওয়া উক্ত নারীর নাম রাইহানা সুলতানা নাসিম। তিনি সম্মিলিত নারী প্রয়াসের কোষাধ্যক্ষ ও কেয়ারি লিমিটেডের ডিরেক্টর এবং মীর কাশেম আলীর বড় ভাই মীর নাসিম আলীর মেয়ে।
এ বিষয়ে আরো অনুসন্ধান করে চ্যানেল ২৪ এর ওয়েবসাইটে ১৯ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেপ্তার এবং বিচারের দাবি জানিয়ে সম্মিলিত নারী প্রয়াসের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা তাসনিম সভাপতিত্ব করেন।
এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমও সংবাদ (১, ২, ৩) প্রকাশ করে।
এছাড়া গণমাধ্যম সূত্রে জানা যায়, ওসমান হাদির স্ত্রীর নাম রাবেয়া।
সুতরাং, ভিন্ন নারীর বক্তব্যের ভিডিওকে ওসমান হাদির স্ত্রী দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- সম্মিলিত নারী প্রয়াস – Facebook Post
- Channel 24 – হাদি হত্যার বিচার নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না: সম্মিলিত নারী প্রয়াস
- Jugantor – কাঁদিয়ে চলে গেলেন হাদি


