সম্প্রতি, ‘কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় তরুণীর ই-য়া-বা সে’ব’নের ভিডিও ভা-ই-রা-ল’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে, এখানে।
একই দাবির ভিডিও দেখুন ইনস্টাগ্রামে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি কুমিল্লার নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৫ সালের আগস্টে ভাইরাল হওয়া পাবনার চাটমোহরের পুরোনো ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Md Ripon Ahmed’ নামের একটি ফেসবুক প্রোফাইলে ২০২৫ সালের ৩১ আগস্ট প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, “সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তরুণী মধু চক্রের মুল হোতা রায়না ওরফে রাকা কে আটক করেছে চাটমোহর থানা পুলিশ। গতরাত তিনটার দিকে পাবনা সদরের হেমায়েতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ, মাদক সেবন, তরুণ যুবকদের ফাঁদে ফেলার অভিযোগ রয়েছে। তার বাড়ি চাটমোহর পৌর সদরে।”

এই তথ্যের সূত্র ধরে ২০২৫ সালের ০২ সেপ্টেম্বর ডেইলি অবজারভারের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, পাবনার চাটমোহরে কুখ্যাত ‘হানি ট্র্যাপ’ চক্রের মূলহোতা সাগর হোসেন (৩২) কে আটক করেছে পুলিশ। ২ সেপ্টেম্বর ভোর সাড়ে তিনটার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই চক্রের সদস্য রায়না (১৫) নামে এক কিশোরীকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর থেকে আটক করে পুলিশ।
অর্থাৎ, ভিডিওটি কুমিল্লার নয়, বরং পাবনার পুরোনো ঘটনার।
সুতরাং, পাবনার পুরোনো ভিডিওকে ‘কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় তরুণীর ই-য়া-বা সে’ব’নের ভিডিও ভা-ই-রা-ল’ শিরোনামে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Md Ripon Ahmed: Facebook Video


