পাকিস্তানে সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনার ছবি দাবিতে পুরোনো ছবি প্রচার

ভারতীয় প্রতিষ্ঠান ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, গত ২১ নভেম্বর পাকিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এরই প্রেক্ষিতে ভারতীয় সংবাদমাধ্যমে সংবাদ প্রচার করা হলে তারই প্রেক্ষিতে বাংলাদেশি নানা সংবাদমাধ্যমেও সংবাদ প্রচার করা হয়। সংবাদে সম্প্রতি পাকিস্তানে ভূমিকম্পের ঘটনার ছবি দাবিতে একটি ছবিও সংযুক্ত করে প্রচার করা হয়।

এরূপ দাবিতে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন: জনকণ্ঠ, টি নিউজ বিডি, ইনসাফ বার্তা, রাইটওয়ে নিউজ২৪

এরূপ দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ে পাকিস্তানে ভূমিকম্পের কোনো ঘটনার ছবি নয় বরং, ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বরে পাকিস্তান প্রশাসিত কাশ্মীরের মিরপুরে ভূমিকম্পের ঘটনার ছবি আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির পশতু ভাষার ওয়েবসাইট ‘বিবিসি নিউজ পশতু’ এ ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির তুলনা করলে মিল পাওয়া যায়৷ ছবির বর্ণনায় বলা হয়, ‘ভূমিকম্পে মিরপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’ (স্বয়ংক্রিয়ভাবে অনূদিত)। এছাড়াও, এ বিষয়ে প্রতিবেদনে বলা হয়, ‘মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর, ২০১৯) ১০ কিলোমিটার গভীরতায় একটি ভূমিকম্প পাকিস্তানের উত্তরাঞ্চলে আঘাত হানে, যার মধ্যে ছিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর, পেশোয়ার এবং পাকিস্তান প্রশাসিত কাশ্মীর। ভূকম্পবিদরা জানিয়েছেন, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৮ এবং এর উপকেন্দ্র ছিল পাঞ্জালের জেলাম শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে। (স্বয়ংক্রিয়ভাবে অনূদিত)।

এছাড়াও, অনুসন্ধানে আয়ারল্যান্ড ভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্যা আইরিশ সান’ এর ওয়েবসাইটে ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বরে প্রকাশিত এক প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে সংযুক্তর একাধিক ছবির সাথে আলোচিত ছবিরও সংযুক্তি পাওয়া যায়। আলোচিত ছবির বর্ণনায় প্রতিবেদনে বলা হয়, ‘মিরপুরে ভূমিকম্পের উপকেন্দ্রের কাছে সড়কগুলো ফেটে গেছে।’ এছাড়াও, প্রতিবেদনে ঘটনার বিষয়ে বলা হয়, ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বরে উত্তর-পূর্ব পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা ঘরবাড়ি ধ্বংস করে দেয়, ডজনখানেক মানুষকে নিহত করে এবং ৩০০-র বেশি মানুষকে আহত করে। ধ্বংসাত্মক এই ৬.০ মাত্রার ভূমিকম্পের উপকেন্দ্র ছিল পাকিস্তান প্রশাসিত কাশ্মীরের মিরপুর শহরের কাছে।

এছাড়াও, সেসময় আরো একাধিক গণমাধ্যম ও ওয়েবসাইটে পাকিস্তানের ভূমিকম্পের ঘটনার সংবাদে আলোচিত ছবির সংযুক্তি পাওয়া যায়। এমনকি দেশিয় মূলধারার গণমাধ্যম ‘দেশ রূপান্তর’ এর ওয়েবসাইটেও ২০১৯ সালে পাকিস্তানের ভূমিকম্পের ঘটনার সংবাদে আলোচিত ছবির সংযুক্তি পাওয়া যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ে পাকিস্তানে ভূমিকম্পের কোনো ঘটনার ছবি নয়।

সুতরাং, ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বরে পাকিস্তান প্রশাসিত কাশ্মীরের মিরপুরের ভূমিকম্পের ঘটনার ছবিকে সাম্প্রতিক সময়ে পাকিস্তানে ভূমিকম্পের ঘটনার ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: