আফগানিস্তানের হামলায় পাকিস্তানের বিধ্বস্ত যুদ্ধবিমানের ছবি দাবিতে এআই ছবি প্রচার

সম্প্রতি আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের পতাকা সংবলিত একটি বিধ্বস্ত যুদ্ধবিমানের ছবি প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘সাব্বাশ আফগানিস্তান | আফগানিস্তানের পক্ষ থেকে পাকি দের শুভেচ্ছা বার্তা।’

অর্থাৎ, দাবি করা হয়েছে প্রচারিত ছবিটি আফগানিস্তানের হামলায় পাকিস্তানের বিধ্বস্ত যুদ্ধবিমানের।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি আফগানিস্তানের হামলায় পাকিস্তানের কোনো যুদ্ধবিমান বিধ্বস্তের আসল ছবি নয়। প্রকৃতপক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ছবির বিষয়ে অনুসন্ধানে পাকিস্তানের বিমানবাহিনী বা কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে আলোচিত ছবিটি আসল দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে এতে বিশেষ করে পেছনের অংশে নানা কাঠামোগত অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়৷ এছাড়াও, যুদ্ধবিমানের লেখায় খানিকটা অসংগতি বা বিকৃতি লক্ষ্য করা যায়। পাশাপাশি, আগুনের আভা এবং ধোঁয়া বিমানের কাঠামোর সাথে অনেকটা কৃত্রিমভাবে মিশেছে, যা সাধারণত এআই দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।

পরবর্তীতে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা যাচাই করতে রিউমর স্ক্যানার টিম গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়। ছবিটি সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।

এছাড়াও, ‘হাইভ ডিটেক্ট’সহ একাধিক এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্মের সাহায্যে আলোচিত ছবিটি যাচাই করলে এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে জানা যায়।

পরবর্তীতে প্রচারিত ছবিটি কোন ছবির প্রেক্ষিতে তৈরি এ বিষয়ে অনুসন্ধানে উইকি-ভিত্তিক ছবি ও ভিডিওর সংগ্রহশালা উইকিমিডিয়া কমনস এর ওয়েবসাইটে পাকিস্তানের একটি এফ-১৬ যুদ্ধবিমানের ছবি পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির ডিজাইন, পতাকার অবস্থান, স্কোয়াড্রোন নাম এবং নাম্বারের মিল পাওয়া যায়। এ থেকে নিশ্চিত যে প্রচারিত ছবিটি এ যুদ্ধবিমানের ছবির প্রেক্ষিতে তৈরি করা হয়েছে।

এছাড়াও, এ বিষয়ে অনুসন্ধানে বিবিসি নিউজের লাইভে একটি আপডেট পাওয়া যায়। তাতে সিন্থআইডির সূত্রে বলা হয়, এটি গুগল এআই দিয়ে তৈরি বা সম্পাদনা করা হয়েছে। এ বিষয়ে আরো বলা হয়, ‘এই ভুয়া ছবিটি পাকিস্তান বিমানবাহিনীর একটি F-16 যুদ্ধবিমানের বহুল প্রচলিত ‘স্টক ইমেজের’ ওপর ভিত্তি করে তৈরি বলে মনে হচ্ছে। ছবিটির লেজের পাখনায় (tail fin) থাকা নম্বরটির সাথে অন্তত ২০১৫ সাল বা তার আগের পুরোনো একটি আসল ছবির হুবহু মিল পাওয়া যায়।’ (অনূদিত)

প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তান-আফগানিস্তান সংঘাতের প্রেক্ষিতে নানা আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়, আফগানিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে যে পূর্ব আফগান শহরে একটি পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে এবং বিমানের একজন পাকিস্তানি পাইলটকে তারা আটক করেছে; তবে পাকিস্তান এই দাবি অস্বীকার করেছে।

সুতরাং, সম্প্রতি আফগানিস্তানের হামলায় পাকিস্তানের যুদ্ধবিমান বিধ্বস্তের দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।

তথ্যসূত্র

Share: