পাকিস্তানে আমেরিকান, ইসরায়েলি ও ভারতীয় পতাকা পোড়ানোর ভিডিও ইরানের দাবিতে প্রচার

সম্প্রতি, ইরানিরা ইসরায়েলি ও আমেরিকান পতাকার পাশাপাশি ভারতীয় পতাকাও পোড়াচ্ছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রকাশিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি ইরানের নয়। প্রকৃতপক্ষে, পাকিস্তানে ইসরায়েলি, মার্কিন ও ভারতীয় পতাকা পোড়ানোর একটি ঘটনাকে ইরানের দাবিতে প্রচার করা হয়েছে।

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে অনলাইন কমিউনিটি প্ল্যাটফর্ম রেডিটে গত ২৭ জুন একই ভিডিওর স্পষ্ট সংস্করণ পাওয়া যায়। ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে উচ্চস্বরে উর্দু ভাষায় স্লোগান শোনা যায় এবং উর্দু ভাষায় লেখা কিছু ব্যানার দেখা যায়। এছাড়া ভিডিওতে ‘Blood Donation Camp’ লেখা একটি ব্যানারও দেখা যায়।

এই সূত্র ধরে অনুসন্ধানে পাকিস্তানভিত্তিক রক্তদান ও চিকিৎসাসেবা সংক্রান্ত স্বেচ্ছাসেবী সংগট ‘Imamia Blood Transfusion & Medical Services’ এর ফেসবুক পেজে গত ২৫ জুন প্রকাশিত একই ডিজাইনের একটি ব্যানার পাওয়া যায়।

ভিডিওটি আরও পর্যবেক্ষণ করে এতে সুউচ্চ হালকা আকাশি রঙের একটি ভবন দেখা যায়। অনুসন্ধানে জানা যায়, ভবনটি পাকিস্তানের করাচির এম.এ. জিন্নাহ রোডে অবস্থিত মিডটাউন অ্যাপার্টমেন্টস (,,)।

পরবর্তীতে, পাকিস্তানের শিয়া মুসলিম শিক্ষার্থীদের সংগঠন ইমামিয়া স্টুডেন্টস অর্গানাইজেশন (আইএসও)-এর ফেসবুক পেজে গত ২৬ জুন প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। এতে করাচির মিডটাউন অ্যাপার্টমেন্টসের সামনে ইসরায়েলি, মার্কিন ও ভারতীয় পতাকা পোড়ানোর একই ঘটনার ভিন্ন কোণের দৃশ্য দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে এটিকে ৯ মহররমের কেন্দ্রীয় মিছিলের দৃশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানে ৯ মহররম ছিল ২৫ জুন এবং ১০ মহররম বা আশুরা ছিল ২৬ জুন।

সুতরাং, পাকিস্তানে আমেরিকান, ইসরায়েলি ও ভারতীয় পতাকা পোড়ানোর দৃশ্যকে ইরানের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: