ইতালির হাসপাতালে নারী স্বাস্থ্যকর্মীর ওপর পাকিস্তানি যুবকের হামলার ঘটনাকে বাংলাদেশির বলে প্রচার

গত ২২ জুন ইতালির ভিসেঞ্জার সান বোরতোলো হাসপাতালের জরুরি বিভাগে ২৬ বছর বয়সী এক বাংলাদেশি যুবক এক নারী স্বাস্থ্যকর্মীর দিকে চেয়ার ছুড়ে মারেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইতালিতে নারী স্বাস্থ্যকর্মীর দিকে চেয়ার ছুড়ে মারার ঘটনায় অভিযুক্ত যুবক বাংলাদেশি নন। প্রকৃতপক্ষে, এ ঘটনায় ২৬ বছর বয়সী এক পাকিস্তানি যুবককে আটক করা হয় এবং পরবর্তীতে তাকে মুক্তি দেওয়া হয়।
এ বিষয়ে অনুসন্ধানে ইতালির টেলিভিশন চ্যানেল স্কাই টিজি২৪ এর ওয়েবসাইটে গত ২১ জুন প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, ইতালির ভিসেঞ্জার সান বোরতোলো হাসপাতালে এক নার্সের দিকে চেয়ার ছুড়ে মারার অভিযোগে ২৬ বছর বয়সী এক পাকিস্তানি যুবককে গ্রেফতার করে পুলিশ। এতে ওই নার্স আহত হন।

এছাড়া, ইতালির ভিসেঞ্জা প্রদেশের আঞ্চলিক গণমাধ্যম লেকো ভিচেনতিনোতে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি গত ২০ জুন ঘটে। পেটে ব্যথা নিয়ে ক্রোচে ভার্দের অ্যাম্বুলেন্সে করে ওই যুবককে হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে তদন্তাধীন কারণে তিনি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এক নার্সের দিকে সহিংসভাবে চেয়ার ছুড়ে মারেন। এ সময় হাসপাতালের ভেতরে থাকা স্থায়ী পুলিশ পোস্টে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। এতে স্বাস্থ্যকর্মী বা হাসপাতালে উপস্থিত অন্যদের ওপর আরও হামলার আশঙ্কা এড়ানো যায়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হলে কর্তৃপক্ষ তার তাৎক্ষণিক মুক্তির নির্দেশ দেয়।
ভিসেঞ্জা পুলিশ সদর দপ্তর জানায়, এ ঘটনা হাসপাতালে পুলিশের স্থায়ী উপস্থিতি এবং চাপপূর্ণ পরিবেশে কাজ করা স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার গুরুত্ব আবারও তুলে ধরেছে।
সুতরাং, ইতালিতে পাকিস্তানি যুবকের নারী স্বাস্থ্যকর্মীর দিকে চেয়ার ছুড়ে মারার ঘটনাকে বাংলাদেশি নাগরিকের কর্মকাণ্ড দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

