রাজধানীর পল্লবীতে সন্ত্রাসীদের গুলি দাবিতে কলম্বিয়ার অভিনয়ের দৃশ্য প্রচার 

সম্প্রতি অনলাইনে গুলাগুলির একটি দৃশ্য প্রচার করে দাবি করা হয়েছে, ‘এই মুহূর্তে মধ্যে রাতে রাজধানীতে পল্লবী থানা লক্ষ করে সন্ত্রাসীদের গু/লি। বতর্মানে প্রশাসনেও নিরাপত্তা নেই।’ এছাড়াও কিছু পোস্টে বিএনপি জামায়াতের গুলি দাবিতেও প্রচার করা হয়েছে। 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোথাও সন্ত্রাসীদের গুলাগুলির দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে ভিডিওটি কলম্বিয়ান সিরিজ নির্মাতা জেসাস মার্টিনেজের অভিনয়ের দৃশ্য।

আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘jesus.write_’ ইউজারনেমের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১৫ এপ্রিলে আলোচিত মূল ভিডিওটি পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে স্প্যানিশ ভাষায় বলা হয়, ‘পর্দার আড়ালে’ বা ‘Behind the Scenes’।

এছাড়াও, ভিডিওতে মানুষদের স্প্যানিশ ভাষায় কথা বলতে শোনা যায়। ভিডিওর শুরুতে স্প্যানিশ ভাষায় বলা হয়, ‘তিন, দুই, এক… অ্যাকশন/শুরু’। ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, এটি ‘জেসাস মার্টিনেজ’ নামের একজন লেখক, প্রযোজক এবং পরিচালকের অ্যাকাউন্ট। তিনি এর আগে নানা সিরিজ নির্মাণ করেছেন। এছাড়াও, একটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রযোজক হিসেবে মনোনীত হয়েছেন বলেও তার অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন।

তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো নানা অভিনয়ের দৃশ্য পাওয়া যায়। অ্যাকাউন্টটির অ্যাবাউট সেকশন পর্যবেক্ষণ করলে দেখা যায় এটি কলম্বিয়া থেকে পরিচালিত হচ্ছে।

উপরোক্ত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি প্রকৃতপক্ষে কলম্বিয়ার এক অভিনয়ের দৃশ্য।

সুতরাং, রাজধানীর পল্লবীতে সন্ত্রাসীদের গুলি দাবিতে কলম্বিয়ার অভিনয়ের দৃশ্য প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: