সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ‘জামায়াতে ইসলাম কোরআন হাদিস বেশি জানলেও আমি শয়তানি বুদ্ধিতে বেশি পারদর্শী’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে অনলাইন সংবাদমাধ্যমে দূরবীন নিউজের লোগো সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া এমন কোনো মন্তব্য করেননি এবং উক্ত শিরোনামে দূরবীন নিউজও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, পাপিয়াকে নিয়ে প্রকাশিত দূরবীন নিউজের ভিন্ন ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে অনলাইন সংবাদমাধ্যম দূরবীন নিউজ-এর লোগো এবং এটি প্রকাশের তারিখ ১৬ মার্চ ২০২৬ উল্লেখ রয়েছে।
প্রাপ্ত তথ্যের সূত্র ধরে দূরবীন নিউজের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, গণমাধ্যমটির ফেসবুক পেজে ১৬ মার্চ “জামাতে ইসলামের যে সদস্যরা পার্লামেন্টে গেছে একজনও এমপি হওয়ার যোগ্যতা নাই: পাপিয়া” শীর্ষক শিরোনামের একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে আলোচিত ফটোকার্ডটিতে ‘জামায়াতে ইসলাম কোরআন হাদিস বেশি জানলেও আমি শয়তানি বুদ্ধিতে বেশি পারদর্শী’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘জামাতে ইসলামের যে সদস্যরা পার্লামেন্টে গেছে একজনও এমপি হওয়ার যোগ্যতা নাই’ শীর্ষক বাক্য লেখা রয়েছে।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় দূরবীন নিউজের ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত পোস্টটির কমেন্টে পাওয়া সংবাদ প্রতিবেদন না পাওয়া গেলেও গ্লোবাল টিভির ইউটিউব চ্যানেলের টকশো ভিডিও থেকে জানা যায়, এক টকশোতে তিনি বলেন, জামায়াত ইসলামের যে সদস্যরা পার্লামেন্টে গেছে তাদের একজনেরও যোগ্যতা নেই। পার্লামেন্টে যেসব প্রসিডিউর মেনে চলার যে যোগ্যতা এবং সেটি শেখার যে আগ্রহ সেটি তাদের কারো মধ্যে নেই।
তবে এই প্রতিবেদন এবং অন্যান্য গণমাধ্যম সূত্রে আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ‘‘জামায়াতে ইসলাম কোরআন হাদিস বেশি জানলেও আমি শয়তানি বুদ্ধিতে বেশি পারদর্শী’’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে দূরবীন নিউজের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Durbin News : Facebook Post
- Durbin News : Website
- Global TV : YouTube talkshaw


