জাতীয় সংসদে জুমার পানীয় খাওয়ার দৃশ্য দাবিতে ঢাবির সিনেট ভবনে আয়োজিত ইফতার মাহফিলের দৃশ্য প্রচার

সম্প্রতি ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমার জুস/পানীয় খাওয়ার দুইটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ছবিতে আরো কয়েকজন তরুণ-তরুণীকেও দেখা যায়। ছবিগুলো প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘পবিত্র সংসদ ভবন কে এখন অভিনয়ের একটি জায়গা বানিয়ে ফেলল এই সমন্বয়ক নামের কিছু দেশবিরোধী’। অর্থাৎ, দাবি করা হয়েছে, প্রচারিত ছবি জাতীয় সংসদে ধারণ করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবি জাতীয় সংসদে ধারণ করা হয়নি। প্রকৃতপক্ষে, গত ৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আয়োজিত ইফতার মাহফিলের দৃশ্য আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘স্বাধীন টাইম’ নামক একটি ফেসবুক পেজে গত ৫ মার্চে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। ভিডিওতে প্রদর্শিত জুমা ও পারিপার্শ্বিক দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিতে প্রদর্শিত দৃশ্যের মিল পাওয়া যায়। ভিডিওর বিষয়ে ক্যাপশনে বলা হয়, ‘ডাকসুর ইফতার প্রোগ্রামে সব বিষয়ে জানতে চাইলেন শি/ক্ষা/র্থী! অপল’ক দৃষ্টি’তে তাকিয়ে আছে সবাই’।

এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে সংবাদমাধ্যম ‘নয়াদিগন্ত’ এর ওয়েবসাইটে গত ৬ মার্চে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি, শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিভিন্ন অনুষদের ডিন, হলগুলোর প্রভোস্ট, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।’
এছাড়াও, গুগল ম্যাপে থাকা নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিতে প্রদর্শিত দৃশ্যের মিল পাওয়া যায়।
সুতরাং, জাতীয় সংসদে জুমার পানীয় খাওয়ার দৃশ্য দাবিতে ঢাবির সিনেট ভবনে ডাকসু আয়োজিত ইফতার মাহফিলের দৃশ্য প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Shadhin Time Facebook Post
- Daily Naya Diganta – শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্রনেতাদের সম্মানে ডাকসুর ইফতার মাহফিল
- Google Map
- Rumor Scanner’s Analysis

