পটুয়াখালীতে কাফনের কাপড় পরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের দাবিতে অভিনব পন্থায় তৈরি এআই ভিডিও প্রচার

আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। উক্ত কর্মসূচিকে সামনে রেখে গত ১১ নভেম্বর পটুয়াখালী জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
টিকটকে একই ভিডিও দেখুন এখানে
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি গত ১১ নভেম্বর পটুয়াখালীতে ছাত্রলীগের নেতাকর্মীদের কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিলের নয়। প্রকৃতপক্ষে, গত ৯ নভেম্বর পটুয়াখালীতে ছাত্রলীগের কর্মীরা কাফনের কাপড় পরে মিছিল করলেও আলোচিত ভিডিওটি পৃথক ক্যাডার সার্ভিস চালুসহ ছয় দফা দাবিতে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলনের পুরোনো ছবিকে এআই প্রযুক্তির সহায়তায় ভিডিওতে রূপান্তরিত করে তৈরি করা হয়েছে।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স সার্চের মাধ্যমে অনলাইন পোর্টাল Dhaka Xpress এর ওয়েবসাইটে গত ১৮ এপ্রিল কাফনের কাপড় বেঁধে শিক্ষার্থীদের মিছিল শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে ব্যবহৃত ছবিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির প্রথম ফ্রেমের হুবহু মিল পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, ছবিটি গত ১৮ এপ্রিল পৃথক ক্যাডার সার্ভিস চালুসহ ছয় দফা দাবিতে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করার ঘটনার। সেদিন তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হল গেট থেকে মিছিলটি শুরু হয়ে সাতরাস্তা ঘুরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পলিটেকনিকের দক্ষিণ গেটে এসে মিছিলটি শেষ হয় বলেও প্রতিবেদনটি থেকে জানা যায়।
পরবর্তীতে অনুসন্ধানে সেদিনের মিছিলের একাধিক ভিডিওর সন্ধান পাওয়া যায়। এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে। তবে কোনো ভিডিওর সাথেই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়নি।
কিন্তু Md Sayedul Hoque Liton নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে প্রচারিত একই মিছিলের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনার মাধ্যমে দেখা যায়, আলোচিত ভিডিওটিতে ও ঢাকা এক্সপ্রেসের প্রতিবেদনে ব্যবহৃত আন্দোলনের ছবিতে কাফনের কাপড় পরিহিতদের সামনে দেখতে পাওয়া ক্রিম রঙের পাঞ্জাবি পরিহিত ব্যক্তিকে উক্ত ভিডিওতেও একই ভঙ্গিতে দেখতে পাওয়া যায়। তবে বিক্ষোভ মিছিলের প্রাপ্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওর পরবর্তী অংশের অমিলও লক্ষ্য করা যায়। এছাড়াও প্রাপ্ত ভিডিওতে দেখা যায়, ক্রিম কালারের পাঞ্জাবি পরিহিত ব্যক্তি জিন্স প্যান্ট পরে আছেন। অপরদিকে আলোচিত ভিডিওটিতে একই ব্যক্তির পাঞ্জাবির নিচে ক্রিম কালারের পায়জামা দেখতে পাওয়া যায়। এগুলো ব্যতিতও পটুয়াখালী ছাত্রলীগের মিছিলের দাবিতে প্রচারিত ভিডিওটিতে বেশকিছু এআই জনিত অসঙ্গতি লক্ষ্য করা যায়।
এর মধ্যে আরেকটি উল্লেখযোগ্য অসঙ্গতি হলো বিক্ষোভ মিছিলটি তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের গেট থেকে শুরু হয়। যেটি প্রাপ্ত ভিডিওর বাম পাশে দেখতে পাওয়া যায়। কিন্তু ছাত্রলীগের মিছিলের ভিডিওটিতে পলিটেকনিক ইনস্টিটিউটের গেট-ই দেখতে পাওয়া যায়নি। এছাড়াও মিছিলের সবার হাঁটার ধরন ও সারিবিন্যাসে এআই জনিত অসঙ্গতি লক্ষ্য করা যায়।
অর্থাৎ, এসব তথ্য বিশ্লেষণে নিশ্চিত হওয়া যায়, ঢাকা এক্সপ্রেসের প্রতিবেদনে ব্যবহৃত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় ভিডিওতে রূপান্তরিত করে ছাত্রলীগের মিছিলের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে।
তবে উক্ত ভিডিওটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি হলেও অনুসন্ধানে গত ৯ নভেম্বর পটুয়াখালীরে দশমিনা উপজেলায় কাফনের কাপড় পরে ছাত্রলীগের মিছিল করার তথ্য পাওয়া যায়।
অডিও যাচাই
আলোচিত ভিডিওটিতে ব্যবহৃত অডিওটির বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, গত ৯ নভেম্বর পটুয়াখালীর দশমিনা উপজেলায় অনুষ্ঠিত ছাত্রলীগের মিছিলের ঘটনায় দৈনিক যুগান্তরে প্রকাশিত প্রতিবেদনের ভয়েসওভারটি আলোচিত ভিডিওটিতে ব্যবহার করা হয়েছে।
সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে গত ১১ নভেম্বর পটুয়াখালীতে জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করার দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Dhaka Xpress Website: কাফনের কাপড় বেঁধে শিক্ষার্থীদের মিছিল
- Md Sayedul Hoque Liton Facebook Post
- Daily Jugantor Youtube Channel: মাথায় কাফনের কাপড় পরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
- Rumor Scanner’s Analysis

