‘চাঁদা না দেওয়ায় বিকাশ পরিবহন বন্ধ করে দিলো বিএনপি’ দাবিতে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি ‘চাহিদা মোতাবেক চাদা দিতে রাজি না হওয়ায় বিকাশ পরিবহন বন্ধের ঘোষণা দিলো বিএনপি’ শিরোনামে জাতীয় দৈনিক আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত শিরোনামে আমার দেশ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, সংবাদমাধ্যমটির ফটোকার্ডের ডিজাইন নকল করে এটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে জাতীয় দৈনিক আমার দেশের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ উল্লেখ করা হয়েছে।।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়।
অর্থাৎ, আমার দেশ এর ফটোকার্ড ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
ছবি যাচাই
আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবির বিষয়ে অনুসন্ধানে ‘Bikash & Subarno paribahan’ নামের একটি ফেসবুক পেজে গত ২০২৪ সালের ১৪ এপ্রিল প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে যুক্ত একটির ছবির সঙ্গে ফটোকার্ডটিতে ব্যবহৃত ছবির মিল রয়েছে।

পরবর্তীতে, ফটোকার্ডটির সত্যতা নিশ্চিত করতে আমার দেশের সহযোগী সম্পাদক আলফাজ আনামের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, ফটোকার্ডটি ভুয়া। তারা এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেননি।
সুতরাং, ‘চাহিদা মোতাবেক চাদা দিতে রাজি না হওয়ায় বিকাশ পরিবহন বন্ধের ঘোষণা দিলো বিএনপি’ দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Amar Desh – Facebook Page
- Amar Desh – Website
- Amar Desh – YouTube Channel
- Bkash Paribahan – Facebook Post
- Rumor Scanner’s Analysis

