যশোরে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্তৃক প্রবাসীর শিশুকে নির্যাতনের দৃশ্য দাবিতে ফিলিপাইনের ভিডিও প্রচার

সম্প্রতি, যশোরে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্তৃক প্রবাসীর শিশুকে অপহরণ করে ধর্ষণের পর নির্যাতনের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটির আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই, এমনকি প্রচারিত ভিডিওটি বাংলাদেশেরই নয়। প্রকৃতপক্ষে, গত মে মাসে ফিলিপাইনের টাগুইগ সিটিতে তিন বছরের এক শিশুকে তার মায়ের লিভ-ইন সঙ্গী মারধর করেন। সেই ঘটনার দৃশ্য এটি।
অনুসন্ধানে ফিলিপাইনের গণমাধ্যম GMA News এর ইউটিউব চ্যানেলে গত ১৯ মে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা দৃশ্যের সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

ভিডিওটির ক্যাপশনের দাবি অনুযায়ী এটি মায়ের লিভ-ইন সঙ্গী কর্তৃক তিন বছরের শিশুর মারধরের শিকারের ঘটনার দৃশ্য।
উক্ত সূত্র ধরে অনুসন্ধানে ফিলিপাইন নিউজ এজেন্সির একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখান থেকে জানা যায়, এটি ফিলিপাইনের ঘটনা। দেশটির টাগুইগ সিটিতে হওয়া উক্ত শিশু নির্যাতনের ঘটনায় ফিলিপাইনের শিশু কল্যাণ পরিষদ (সিডব্লিউসি) তীব্র নিন্দা জানিয়েছিল।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ফিলিপাইনে মায়ের লিভ-ইন সঙ্গী কর্তৃক তিন বছরের শিশু নির্যাতনের ঘটনার ভিডিওকে যশোরে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্তৃক প্রবাসীর শিশুকে অপহরণ করে ধর্ষণের পর নির্যাতনের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- GMA News- Report
- Philippine News Agency- CWC condemns viral abuse of 3-year-old toddler in Taguig

