লিভার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে গত ১৫ মে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও তরুণ অভিনেত্রী কারিনা কায়সার। জুলাই অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে চিকিৎসাধীন থাকা অবস্থায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামীপন্থী অ্যাক্টিভিস্ট ও সমর্থকদের কটুক্তির শিকার হন। তার মৃত্যুর পর এসব ব্যক্তিদেরই পুনরায় তার মৃত্যুকে উদযাপন করতেও দেখা যায়। তবে এর আগে তিনি চিকিৎসাধীন থাকাকালীন ফেসবুকে একটি ছবি প্রচার করে দাবি করা হয়, ছবিটি ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবন থেকে কারিনা কায়সারের একটি দামি লাগেজ লুটের ঘটনার। ছবিটিতে ফরাসি বিলাসবহুল ফ্যাশন হাউস ডিওর (Dior)-এর একটি লাগেজ হাতে একজন নারীকে দেখতে পাওয়া যায়।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি ২০২৪ সালের ৫ আগস্ট গণভবন থেকে লাগেজ লুটের ঘটনার হলেও ছবিতে দেখতে পাওয়া নারী সদ্য প্রয়াত কারিনা কায়সার নন। প্রকৃতপক্ষে, ছবিতে দেখতে পাওয়া নারীর নাম ডঃ রাকা মুস্তারি খান। তিনি পেশায় একজন চিকিৎসক।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে ছবিটিতে দেখতে পাওয়া নারীর চেহারার সাথে কারিনা কায়সারের একাধিক ছবির তুলনামূলক বিশ্লেষণ করে দুজনের চেহারার পার্থক্য লক্ষ্য করে রিউমর স্ক্যানার। কারিনা কায়সারের কোনো সময়ের ছবির সাথেই আলোচিত ছবিতে দেখতে পাওয়া নারীর চেহারার মিল পাওয়া যায়নি। বরং উভয়ের চেহারায় উল্লেখযোগ্য ভিন্নতা লক্ষ্য করা যায়। এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে যে, আলোচিত ছবিটি কারিনা কায়সারের নয়।

পরবর্তীতে ছবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যমেও আলোচিত ছবিটির সন্ধান পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়, ছবিটি ২০২৪ সালের ৫ আগস্ট গণভবন এলাকায় ধারণ করা হয়। উক্ত পোস্টটিতে সেদিন গণভবন থেকে জনসাধারণের বিভিন্ন জিনিসপত্র লুটের আরও ছবি দেখতে পাওয়া যায়।
ছবিটির বিষয়ে বিস্তারিত অনুসন্ধানে ২০২৪ সালের আগস্ট মাসে ছবিটি সম্পর্কিত করা একাধিক পোস্টের সন্ধান পাওয়া যায়। পোস্টগুলোতে দাবি করা হয়, ছবিতে দেখতে পাওয়া নারী একজন চিকিৎসক। তার নাম ডঃ রাকা মুস্তারি খান। পোস্টগুলোতে তার একাধিক চেম্বারের ব্যানারও পাওয়া যায়। সেগুলোতে ব্যবহৃত ছবির সাথে আলোচিত ছবিতে দেখতে পাওয়া নারীর চেহারার হুবহু মিল পাওয়া যায়।

সেসময় ডঃ রাকা মুস্তারি খানের লাগেজ লুটের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে এবিষয়ে ভারতীয় গণমাধ্যম এইদিনও একটি প্রতিবেদন প্রকাশ করে।
অর্থাৎ, প্রাপ্ত ছবি সমূহের তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে এটি নিশ্চিত হওয়া যাচ্ছে যে, ছবিটি ডঃ রাকা মুস্তারি খানের।
সুতরাং, অভ্যুত্থানের সময় গণভবন থেকে এক মহিলা চিকিৎসকের লাগেজ লুটের ছবিকে কারিনা কায়সারের ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Photos of Kaarina Kaisar
- Probash Time Facebook Post
- Photos of Dr. Raka Mustary Khan
- Eidin Website: শেখ হাসিনার বাড়িতে লুটপাটে অংশ নিয়েছিল বাংলাদেশের মহিলা চিকিৎসক রাকা মুস্তারি খান, একটা সুটকেসহ শাড়ি ও পোশাক হাতসাফাই করেন তিনি
- Rumor Scanner’s Analysis


