মুচলেকা দেয়া নেতা দেশে রাজনীতি করার অধিকার রাখেনা শীর্ষক মন্তব্য করেননি আবিদ, প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডাকসু নির্বাচনে পরাজিত ভিপি আবিদুল ইসলাম খানকে উদ্ধৃত করে ‘মুচলেকা দেয়া নেতা বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না।’ শিরোনামে জাতীয় দৈনিক আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আবিদুল ইসলাম খান তারেক রহমানকে উদ্ধৃত করে মুচলেকা দেয়া নেতা বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না শীর্ষক মন্তব্য করেননি এবং আমার দেশও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশ কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম আমার দেশের লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে উল্লেখ রয়েছে ০৪ ফেব্রুয়ারি, ২০২৬।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, আমার দেশের ফেসবুক পেজে গত ০৪ ফেব্রুয়ারি ‘মাথা উঁচু করে জামায়াত-শিবিরের রাজনীতি করার সুযোগ নেই’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির মিল লক্ষ্য করা যায়।উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে আমার দেশের লোগো এবং আবিদুল ইসলাম খানের ছবি মিল রয়েছে। তবে, উভয়ের ফটোকার্ডে ব্যবহৃত শিরোনামের ভিন্নতা রয়েছে। এছাড়াও আমার দেশের ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

অর্থাৎ, আমার দেশের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত বার্তা বাজারের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, আবিদুল ইসলাম খান বলেন, তারেক রহমানকে নিয়ে নোংরা স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে শিবিরের সন্ত্রাসীরা সূচনা করেছে সর্বপ্রথম জুলাইয়ের পরে । আরে ভাই বাংলাদেশের মাটি আপনাদেরকে স্বীকার করে না। মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে অপসংস্কৃতির রাজনীতি শুরু করেছেন । অপসংস্কৃতির রাজনীতি যে শুরু করেছেন এই ধাক্কা নিতে পারবেন না? এই মাটিতে বসে বাংলাদেশপন্থিদের প্রতি আপনারা আঙুল তুলেন । মাথা উঁচু করে বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি করার কোনো সুযোগ নেই….. ।

এছাড়া, আবিদুল ইসলাম খানের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও আলোচিত শিরোনাম সংবলিত কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। অন্য কোনো গণমাধ্যমেও এমন মন্তব্যের অস্তিত্ব মেলেনি।

সুতরাং, আবিদুল ইসলাম খান ‘মাথা উচু করে জামায়াত-শিবিরের রাজনীতি করার সুযোগ নেই’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে আমার দেশের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: