তারেক রহমানের দেশে আসার সমাবেশে না আসলে ফ্যামিলি কার্ড না পাওয়া সংক্রান্ত মন্তব্য করেননি আমীর খসরু, ভুয়া ফটোকার্ড প্রচার

প্রায় দেড় যুগ পর ২৫ ডিসেম্বরে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনার আয়োজন করে বিএনপি। এদিকে এর আগে বিএনপি ক্ষমতায় আসলে সরকার থেকে সহযোগিতার নিমিত্তে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোর মধ্যে প্রাথমিকভাবে ৫০ লক্ষ পরিবারের নারীপ্রধানের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা করছে বলে জানান তারেক রহমান। এরই প্রেক্ষিতে ২৫ ডিসেম্বর অন্তত দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলধারার গণমাধ্যম বাংলাভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘তারেক রহমানের দেশে আসা উপলক্ষে ২৫ তারিখ যারা ঢাকার সমাবেশে আসবে না তারা ফ্যামেলি কার্ড পাবে না’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘তারেক রহমানের দেশে আসা উপলক্ষে ২৫ তারিখ যারা ঢাকার সমাবেশে আসবে না তারা ফ্যামেলি কার্ড পাবে না’ শীর্ষক মন্তব্য করেননি বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বাংলাভিশনের ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে সংবাদমাধ্যম বাংলাভিশনের লোগো ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ২২ ডিসেম্বরের উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত দাবিতে প্রচারিত এমন কোনো ফটোকার্ড প্রকাশের সন্ধান মেলেনি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলেও উল্লেখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডের ফন্টের মিল থাকলেও, ফন্টের আকার, লাইন স্পেস, লোগোর ব্যাকগ্রাউন্ডে খানিকটা পার্থক্য লক্ষ্য করা যায়। পাশাপাশি, বাংলাভিশনের ফটোকার্ডে সাধারণত ডানপাশে উপরের কোণায় বাংলাভিশনের নানা সোশ্যাল হ্যান্ডলের নামের উল্লেখ থাকে যা আলোচিত ফটোকার্ডে অনুপস্থিত।

পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রের বরাতেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, তারেক রহমানের দেশে আসা উপলক্ষে ২৫ তারিখ যারা ঢাকার সমাবেশে আসবে না তারা ফ্যামেলি কার্ড পাবে না শীর্ষক মন্তব্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী করেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- BanglaVision – Facebook Page
- BanglaVision – Website
- BanglaVision – YouTube Channel

