ভোট ডাকাতি প্রসঙ্গে জামায়াত আমীরের মন্তব্য দাবিতে কালবেলার সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানের ছবি সংযুক্ত করে ‘ভোট ডাকাতি করে হলেও আমরা ক্ষমতায় যেতে চাই: জামায়াত আমির শফিকুর’ শীর্ষক দাবিতে সংবাদমাধ্যম ‘দৈনিক কালবেলা’ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরুপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভোট ডাকাতি এবং ক্ষমতায় যাওয়া নিয়ে জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান এমন কোনো মন্তব্য করেননি এবং এরূপ দাবিতে দৈনিক কালবেলাও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, দৈনিক কালবেলার ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে সংবাদমাধ্যম দৈনিক কালবেলার লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘৯ ফেব্রুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে ৯ ফেব্রুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।

তবে, দৈনিক কালবেলার ফেসবুক পেজে ৯ ফেব্রুয়ারী ‘ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জামায়াত আমিরের’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। দৈনিক কালবেলার মূল ফটোকার্ডটিতে ‘ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জামায়াত আমিরের’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘ভোট ডাকাতি করে হলেও আমরা ক্ষমতায় যেতে চাই: জামায়াত আমির শফিকুর’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, দৈনিক কালবেলার এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এছাড়া, অন্য কোনো সংবাদমাধ্যমেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

মূল ফটোকার্ড সংবলিত দৈনিক কালবেলার পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া সংবাদমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে দেওয়া নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এই সিদ্ধান্তকে ভোটাধিকারে হস্তক্ষেপ বলেও আখ্যা দেন তিনি।

সুতরাং, জামায়াত আমীর শফিকুর রহমান ‘ভোট ডাকাতি করে হলেও আমরা ক্ষমতায় যেতে চাই’ বলে মন্তব্য করেছেন দাবিতে কালবেলার নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: