সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর ক্ষতবিক্ষত কয়েকটি ছবি ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, তিনি হিন্দু ধর্মাবলম্বী এবং ‘আব্দুল’ নামের এক মুসলিম যুবকের সঙ্গে প্রেম করতে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। মূলত ব্যঙ্গাত্মকভাবে ‘মেরা আব্দুল আলাগ হ্যায় বা ‘আব্দুলের ভালোবাসার চিহ্ন’ ক্যাপশন ব্যবহার করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিগুলোতে কোনো মুসলিম প্রেমিকের হাতে হিন্দু মেয়ে নির্যাতনের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, মালায়ালাম অভিনেত্রী অনিকা বিক্রমণ তার প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই কর্তৃক শারীরিক নির্যাতনের কিছু ছবি ফেসবুকে প্রকাশ করেন। সেই ছবিগুলো প্রচার করেই আলোচিত ভুয়া দাবিটি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় সংবাদ মাধ্যম ‘News18’ এর ওয়েবসাইটে ২০২৩ সালের ০৭ মার্চে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবি সংবলিত ছবির মিল রয়েছে।

প্রতিবেদনটির বিস্তারিত অংশ থেকে জানা যায়, মালায়ালম অভিনেত্রী অনিকা বিক্রমণ তার প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাইয়ের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে সোশ্যাল মিডিয়ায় তার আঘাতের ছবি পোস্ট করেন। অনিকা বিক্রমণের অভিযোগ, তার প্রাক্তন প্রেমিক অনুপ তাকে মারধর করেছেন।
এছাড়া, আলোচিত বিষয়ে ভারতীয় একাধিক (১, ২,৩) সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর বিশ্লেষণেও একই তথ্য জানা যায়।
সুতরাং, মালায়ালাম অভিনেত্রী অনিকা বিক্রমণের প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই কর্তৃক শারীরিক নির্যাতনের ছবিকে মুসলিম প্রেমিকের হাতে হিন্দু মেয়ে নির্যাতনের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- News18: Malayalam Actor Anicka Vikhraman Accuses Ex Anoop Pillai of Assaulting Her, Shares Pics of Bruises
- Indian Express: Malayalam actor Anicka Vikhraman accuses ex-boyfriend of mental and physical assault, posts pictures of bruises
- Hindustan Times: Vishamakaran actor Anicka Vikhraman accuses ex-boyfriend of physical, mental abuse; shares pics of her bruises
- Zee News: Malayalam Actress Anicka Vikhraman Shares Horrifying Pics of Bruise Marks, Accuses Ex-BF Of Assault
- Rumor Scanner’s Analysis


