২৫০০ টাকা ঈদ উপহার দাবিতে ভুয়া লিংকের মাধ্যমে প্রতারণা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নামে একটি প্রজ্ঞাপন। স্মারক নম্বর: ৫১.০০.০০০০.০১২২৪.০০১.২৬-১৫০। বলা হচ্ছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উদযাপন উপলক্ষ্যে দেশের কর্মহীন, দুস্থ ও নিম্নআয়ের পরিবারসমূহকে সহায়তা প্রদানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রতিটি যোগ্য পরিবারকে সরকার কর্তৃক নির্ধারিত ২৫০০ টাকা উপহার প্রদান করা হবে। ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের নাম ও ছবি ব্যবহার করে গত বছরের আগস্টে খোলা হয় ‘Dr Zubaida Rahman’ নামের একটি পেজ৷ এই পেজে গত ১২ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত ৬ দিনে মোট ১৮ বার এই প্রজ্ঞাপনের ছবি পোস্ট করে ক্যাপশনে বলা হয়েছে যে, ঈদ উপলক্ষে সরকার প্রতি পরিবারকে ২৫০০ টাকা করে দিচ্ছে।

টাকা পেতে আবেদনের লিংকও দেওয়া হয়েছে পোস্টগুলোর কমেন্টে। কিওয়ার্ড সার্চ এবং ম্যানুয়াল পদ্ধতিতে খুঁজে মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং গণমাধ্যম সূত্রে এমন কোনো প্রজ্ঞাপনের অস্তিত্ব পায়নি রিউমর স্ক্যানার।

পোস্টগুলোয় কখনো https://familycard.online/eid-vata/, কখনো-বা https://amarportal.xyz/eid-vata/ এই লিংক দেওয়া হয়েছে আবেদনের জন্য। উক্ত দুই লিংকে প্রবেশ করলে ‘ঈদ উপহার ও ভাতা পোর্টাল ২০২৬’ শিরোনামে একটি পেজ খুলে যায়। ইউআরএল আলাদা হলেও এই দুই ওয়েবসাইটের ইন্টারফেস অবশ্য একই রকম। সাইট দুটির পেজগুলোতে ‘এখানে আবেদন করুন’ নামে একটি বাটন রয়েছে, যাতে ক্লিক করলে একটি ইনভ্যালিড ইউআরএল খুলে, যাতে দাবি সংক্রান্ত কোনো তথ্য বা অফারের বিষয় উল্লেখ নেই।

সাইটগুলোর ডোমেইন যাচাই করতে গিয়ে দেখা যায়, এগুলোর একটির গত বছরের ০১ অক্টোবর এবং অন্যটির এ বছরের ২৪ ফেব্রুয়ারি ডোমেইন রেজিস্ট্রেশন হয়েছে।

প্রসঙ্গত, এ ধরনের প্রতারণামূলক লিংকের মাধ্যমে সোশ্যাল মিডিয়া আইডি হ্যাক, ব্যক্তিগত ডাটা চুরি এবং ব্ল্যাকমেইলের মাধ্যমে ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা বিঘ্নিত হওয়ার নজির পাওয়া যায়। 


অন্তত গত ০৯ মার্চ থেকে এই ফেসবুক পেজে ঈদ উপহারের এই ভুয়া অফারের বিষয়ে পোস্ট করা শুরু হয়। পর্যালোচনায় দেখা যায়, শুধু ভুয়া প্রজ্ঞাপনের ছবির মাধ্যমেই নয়, ভুয়া এসএমএস স্ক্রিনশট, এআই ভিডিওসহ নানা উপায়ে এই অফার নিয়ে পোস্ট করা হচ্ছে।

এ বিষয়ে পেজে থাকা এআই ভিডিওগুলোতে মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই অফার নিয়ে বক্তব্য দিতে দেখা যায়। দুই লক্ষাধিক বার দেখা হয়েছে, পেজে এ সংক্রান্ত এমন ভিডিও পাওয়া গেছে ছয়টি৷ পোস্টগুলোর কমেন্টে অসংখ্য মানুষকে তাদের বিকাশ/নগদ নাম্বার দিতে দেখা গেছে, যা ব্যক্তিগত নিরাপত্তার জন্য চরম ঝুঁকি তৈরি করছে। তাছাড়া, পেজের নাম জুবাইদা রহমানের নামে থাকায় অনেক সরল বিশ্বাসেও এসব কনটেন্ট বিশ্বাস করে ফেলছেন, পা দিচ্ছেন ফাঁদে, নিজেদের ফেলছেন নিরাপত্তা ঝুঁকিতে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানের নামে ফেসবুকে ভেরিফাইড অফিশিয়াল পেজ থাকলেও ডা. জুবাইদা রহমানের নামে কোনো অফিশিয়াল ফেসবুক প্রোফাইল বা পেজ থাকার তথ্য গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি।

ভুয়া এই অফারের পোস্টের ক্যাপশন সার্চ করে ফেসবুকে আরো একাধিক পেজ (Update Viral Video, Abbas Tv, জা ই মা ০.১, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির, ট্রেন্ডিং বাঙালি, Media Times, BD Job News, মারিয়া মিম ইত্যাদি) পাওয়া যাচ্ছে, যেগুলোতেও নিয়মিত একই ধরণের পোস্ট করা হচ্ছে। ফেসবুকের বাইরে ইউটিউব, ইনস্টাগ্রাম, থ্রেডস, টিকটকেও ছড়িয়েছে একই স্ক্যাম। আবার, কিছু পোস্টে একই বার্তা দিয়ে কমেন্টে জুয়ার সাইটের লিংক দেওয়া হচ্ছে। অর্থাৎ, একাধিক ফেসবুক পেজে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে প্রতারণামূলক এই ক্যাম্পেইন চালানো হচ্ছে।

Share: