প্রধানমন্ত্রী কর্তৃক রামিসার বাবাকে পাঁচ লাখ টাকা দেওয়ার ভুয়া দাবিতে এআই ছবি প্রচার

গত ১৯ মে রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা পাশের ফ্ল্যাটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়। গত ২১ মে নিহত রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, ‘রামিসার বাসায় গিয়ে তার বাবার হাতে সান্ত্বনামূলকভাবে ৫ লক্ষ টাকা উপহার দিয়ে…।’

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমান রামিসার বাসায় গিয়ে তার বাবাকে পাঁচ লাখ টাকা দেননি এবং প্রচারিত ছবিটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সহযোগিতায় আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে টাকা দেওয়ার সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
তবে, কালের কণ্ঠের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, রামিসার বাসায় গিয়ে প্রধানমন্ত্রী রামিসার বড়বোন রাইসা আক্তারের লেখাপড়া এবং ভবিষ্যৎ দায়িত্বভার গ্রহণ করেছেন এবং দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন।
একই তথ্যে সংবাদ প্রকাশ করেছিল– নয়া দিগন্ত, জাগো নিউজ এবং বাংলা ভিশনও।
পরবর্তীতে প্রচারিত ছবিটির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। প্রচারিত ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী ওয়েবসাইট হাইভ ডিটেক্টে বিশ্লেষণ করে দেখা যায়, আলোচিত ছবিটি ডিপফেক হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটিও বাস্তব নয়।
সুতরাং, রামিসার বাবাকে প্রধানমন্ত্রী পাঁচ লাখ টাকা দেওয়ার দাবিতে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড।
তথ্যসূত্র
- Kaler Kantho- শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
- Ai Analysis

