ধানমন্ডিতে আ.লীগের সাথে পুলিশের সংঘর্ষ দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

গতকাল (২৪ অক্টোবর) ‘জুম্মার নামাজ শেষে ,,,ধানমন্ডিতে লাঠি’সোটা হাতে পুলিশের সাথে আঃলীগের ত্রিমুখী সং*ঘর্ষ; ভয়ে দৌড়ে পালালো #পুলিশ’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ধানমন্ডিতে গতকাল আওয়ামী লীগের সাথে পুলিশের সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে পিরোজপুরে বিএনপির সাথে পুলিশের সংঘর্ষের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৮ জুলাই ‘পিরোজপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত অনেকে; আটক ৬’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৩ সালের ১৮ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন পিরোজপুরে জেলা বিএনপির পদযাত্রায় বাধা দেওয়ায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছিল। এতে পিরোজপুর সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ নয়জন পুলিশ সদস্য ও বারোজন বিএনপি নেতা-কর্মী আহত হন। ঘটনায় পুলিশ বিএনপির ছয় নেতা-কর্মীকে আটক করে। দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে জেলা বিএনপি পদযাত্রার আয়োজন করেছিল। জেলা স্টেডিয়ামের সামনের সড়ক থেকে শুরু হওয়া পদযাত্রাটি কিছু দূর যাওয়ার পর হুলারহাট সড়কের ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে নেতা-কর্মীরা সামনে এগোতে চাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

অর্থাৎ, ভিডিওটি ২০২৩ সালের পিরোজপুরের বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার।

সুতরাং, ২০২৩ সালে পিরোজপুরে বিএনপির সাথে পুলিশের সংঘর্ষের ভিডিওকে ২৪ অক্টোবরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সাথে পুলিশের সংঘর্ষের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: