তোফায়েল আহমেদের জানাজা ঘিরে আ.লীগের সাথে পুলিশের সংঘর্ষ দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

গত ১ জুন সাবেক মন্ত্রী ও দেশের প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন ২ জুন ভোলায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। 

এরই প্রেক্ষিতে, ‘তোফায়েল আহমেদের জানাজা ঘিরে রণক্ষেত্র ভোলা শহর জানাজার আগেই উপস্থিত হাজার হাজার নেতাকর্মী নেতাকর্মীদের উপরে এভাবেই হামলা করেছে পুলিশ’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভোলায় তোফায়েল আহমেদের জানাজা ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০২৫ সালে ছাত্রলীগ-যুবলীগের মিছিলে পুলিশের ধাওয়ার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ‘আপডেট টিভি – Update TV’ নামক ফেসবুক পেজে ২০২৫ সালের সালের ১১ নভেম্বর ‘রাজধানীতে মিছিলের চেষ্টা নিষিদ্ধ ছাত্রলীগকে ধাওয়া করেছে পুলিশ’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে মূলধারার গণমাধ্যম ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজে ২০২৫ সালের ১১ নভেম্বর ‘ছাত্রলীগ–যুবলীগের ঝটিকা মিছিলে পুলিশের ধা’ওয়া’’ শিরোনামে ভিডিওটি খুঁজে পাওয়া যায়। যা থেকে নিশ্চিত হওয়া যায় ভিডিওটি ২০২৫ সালে ছাত্রলীগ–যুবলীগের ঝটিকা মিছিলে পুলিশের ধাওয়া দেওয়ার ঘটনার।

এছাড়া, ভিডিওটি আশেপাশের ভবন ও অবকাঠামোর সূত্র ধরে গুগল ম্যাপ ব্যবহার করে নিশ্চিত হওয়া যায়, ঘটনাস্থলটি আগারগাঁওয়ের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ভবন সংলগ্ন।

সুতরাং, ২০২৫ সালে ছাত্রলীগ-যুবলীগের মিছিলে পুলিশের ধাওয়ার ভিডিওকে ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: