গতকাল ২৭ জুন গাজীপুরের শ্রীপুরে কর্মস্থলে এক নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে আয়োজিত মিলাদ মাহফিলে বহিরাগতদের অনুপ্রবেশ ও লাঠিসোঁটা নিয়ে হামলার চেষ্টাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এরই প্রেক্ষিতে, ‘এই মুহূর্তে শ্রীপুর গার্মেন্টস কর্মীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ।’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে গাজীপুরে গার্মেন্টস কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Ariyan Arzu Hridoy’ নামক ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ৫ আগস্ট ‘এ মুহূর্তে রণক্ষেত্র মাওনা চৌরাস্তা, শ্রীপুর গাজীপুর’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এছাড়াও, একই দাবিতে ভিডিওটি (১, ২, ৩) সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁজে পাওয়া যায়।
এ বিষয়ে আরো অনুসন্ধান করে ঢাকা পোস্টের ওয়েবসাইটে ২০২৪ সালের ৫ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন ময়মনসিংহ বিভাগে নিয়োজিত বিজিবি সদস্যের কয়েকটি বাসে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে ঢাকায় নেওয়া হচ্ছিল। বাসগুলো মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় আসলে আন্দোলনকারী ছাত্র-জনতা আটকে দেয়। দুটি বাসে থাকা প্রায় ৮০জন বিজিবি সদস্যদের মুলাইদ এলাকার বাংলাদেশ ফিলিং স্টেশনের সামনে আটকে দেয়।
এবিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোতেও সংবাদ (১, ২, ৩) প্রকাশ করা হয়েছে।
সুতরাং, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভিডিওকে সাম্প্রতিক সময়ে গাজীপুরে গার্মেন্টস কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Prothom Alo – শ্রীপুরে শ্রমিকের মৃত্যু: মিলাদের আগে কারখানার সামনে হট্টগোল, লাঠিপেটার অভিযোগ
- Ariyan Arzu Hridoy – Facebook Post
- Dhaka Post – গাজীপুরে বিজিবির সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৬


