‘পুলিশ হত্যার’ বিচার চাওয়ায় পুলিশ সদস্য আটক দাবিতে ভুয়া পুলিশ গ্রেফতারের ছবি প্রচার

সম্প্রতি, ‘পুলিশ হত্যার বিচার চাওয়ায় এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে’ শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি পুলিশ হত্যার বিচার চাওয়ায় কোনো পুলিশ সদস্যকে আটকের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, পুলিশের বেশ ধারণ করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক এক ব্যক্তির ছবি এই দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে MD Sohel Sikder Rana নামক ফেসবুক প্রোফাইলে ২৪ মে প্রকাশিত একটি পোস্টে একাধিক ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবিগুলোর মধ্যে দ্বিতীয় ছবিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির সাদৃশ্য রয়েছে।

উক্ত পোস্টটির ক্যাপশনে উল্লেখ করা হয়, এটি কক্সবাজার সদর থানা পুলিশের হাতে আটক আতিক উল্লাহ আল মামুন নামে এক ভুয়া পুলিশের ছবি।

পরবর্তীতে, এ বিষয়ে ২৪ মে প্রথম আলোইনকিলাবের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন সূত্রেও একই তথ্য জানা যায়।

এসব প্রতিবেদন থেকে আরও জানা যায়, গত ২৩ মে ১২টার দিকে কক্সবাজার শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের পাশে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন মো. আতিক উল্লাহ আল মামুন (৪০) নামের ওই ব্যক্তি। স্টেডিয়াম এলাকার আশেপাশে বেশকিছু হাসপাতাল থাকার কারণে গভীর রাত পর্যন্ত রোগী বহনকারী যানবাহনের চাপ থাকে সড়কটিতে। সেখানে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েন আতিক উল্লাহ। পুলিশ জানায়, আতিক উল্লাহর কাছ থেকে পুলিশের ইউনিফর্ম, একটি হ্যান্ডকাফ এবং নাম লেখা দুটি ব্যাজ উদ্ধার করেছে পুলিশ। ব্যাজ দুটিতে ‘সাইফুল ইসলাম মিজান’ ও ‘মো. মিজান’ নাম লেখা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার মামুন পুলিশের পোশাক পরে লোকজনের কাছ থেকে চাঁদা আদায়ের পাশাপাশি অনৈতিক সুবিধা নিতেন। আজ রোববার দুপুরে তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে চাঁদা আদায়ের ধারায় মামলা হয়েছে। তাকে কক্সবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সুতরাং, পুলিশ হত্যার বিচার চাওয়ায় পুলিশ সদস্যকে আটক করা হয়েছে দাবিতে পুলিশের বেশে চাঁদাবাজিতে জড়িত আটক ব্যক্তির ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: