সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম “আমরা সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করব তবুও পুলিশ হত্যার তদন্ত বন্ধ করুন” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে নাহিদ ইসলামের ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) ।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “আমরা সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করব তবুও পুলিশ হত্যার তদন্ত বন্ধ করুন” বলে নাহিদ ইসলাম কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
এ সংক্রান্ত দাবিটির সূত্রপাত অনুসন্ধানে Gojobvision নামের একটি ফেসবুক পেজে ১ মার্চ প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটির সন্ধান মেলে। তবে পোস্টে এ বিষয়ে কোনো সূত্র বা প্রমাণ উল্লেখ পাওয়া যায়নি৷ ‘Gojobvision’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে ‘”দৃষ্টি জুড়ে গজব” > Entertainment only! Satirical take on trending news. Don’t take it seriously. শুধু বিনোদনের জন্য! সমসাময়িক খবর ব্যঙ্গ-সারকাজমে উপস্থাপন। সিরিয়াস হবেন না।” শীর্ষক লেখা পাওয়া যায়।
এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক/ভিত্তিহীন ভুয়া পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক/ভিত্তিহীন ভুয়া কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
পরবর্তীতে, নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত মন্তব্যটি খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, নাহিদ ইসলাম “আমরা সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করব তবুও পুলিশ হত্যার তদন্ত বন্ধ করুন” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Gojobvision : Facebook Post
- Rumor Scanner’s analysis


