জাতীয় নির্বাচনে আ.লীগের সমর্থনে পুলিশ কর্মকর্তার বক্তব্য দাবিতে এআই নির্মিত ভিডিও প্রচার

সম্প্রতি ‘নৌকা ছিলো আছে থাকবে’ একজন পুলিশ সদস্যের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত ভিডিওতে একজন পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, ‘নৌকা ছিলো বাহান্নতে, নৌকাই একাত্তরে দেশ স্বাধীন করছে নৌকা, গরীব দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করছে নৌকা, স্বৈরাচার হটাইছে নব্বইতে। পদ্মা সেতু, মেট্রোরেল, এই দেশ উন্নয়নের আশি শতাংশ করেছে আওয়ামী লীগ। নৌকা ছাড়া ভোট জিয়া পারে নাই এরশাদ পারে নাই তোমরাও পারবা না।’
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে ও দলটি অংশগ্রহণ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে জনৈক পুলিশ কর্মকর্তার বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ভিডিওকে আসল দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি।
জাতীয় নির্বাচন ইস্যুতে বাংলাদেশ পুলিশের কোনো সদস্য এমন কোনো মন্তব্য করে থাকলে এ নিয়ে আলোচনা-সমালোচনা হতো এবং গণমাধ্যমেও গুরুত্ব সহকারে সংবাদ প্রচারিত হতো। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে কিছু অসঙ্গতি লক্ষ্য করা যায়; যেমন- ভিডিওটির একপর্যায়ে ওই পুলিশ সদস্যের নামফলকে ‘Poninlal’ সূচক একটি শব্দ দেখা যায়, যা বাংলাদেশে সচরাচর ব্যবহৃত কোনো নাম নয়। এছাড়া, ভিডিওটিতে এক ধরণের কৃত্রিমতা লক্ষ্য করা যায়।
ভিডিওটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘DeepFake-O-Meter’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৫ শতাংশ।

পরবর্তীতে, আরেক এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Moderation এর ওয়েবসাইটে ভিডিওটি যাচাই করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৯.৯ শতাংশ।

সুতরাং, পুলিশ কর্মকর্তা কর্তৃক জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থন দাবিতে প্রচারিত ভিডিওটি এআই-নির্মিত।

