সম্প্রতি ‘পাকিস্তান ভারতের কাছে আত্মসমার্পণ করেছে, বাংলাদেশের কাছে নয়, বাংলাদেশ এখনও পাকিস্তানের অঙ্গরাজ্য।- গোলাম পরওয়ার, সেক্রেটারি, জামায়াতে ইসলামী প্রার্থী।’ শিরোনামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের মন্তব্য দাবিতে একটি ফটোকার্ড ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ১ লাখ ৩১ হাজার বার দেখা হয়েছে, এটিতে প্রায় ৩ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি প্রায় ২ শত বার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ প্রসঙ্গে এবং বাংলাদেশ এখনও পাকিস্তানের অঙ্গরাজ্য উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার এরূপ কোনো মন্তব্য করেননি৷ প্রকৃতপক্ষে, এ বিষয়ে তার একটি বক্তব্যকে বিকৃত করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি।
গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
এছাড়া, মিয়া গোলাম পরওয়ারের ফেসবুক পেজ যাচাই করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, এ বিষয়ে অনুসন্ধানে একাধিক গণমাধ্যমে (১, ২) ২০২৫ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ম্যারাথন অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ারের বক্তব্য খুঁজে পাওয়া যায়।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ প্রসঙ্গে উক্ত বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, “তার অর্থ, পাকিস্তানি সৈন্যরা ভারতের কাছে আত্মসমর্পণ করেছে, মুক্তিযোদ্ধাদের কাছে নয়। আমি মনে করি, এই আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে অনুপস্থিত রেখে বীর মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে। প্রকৃতপক্ষে, ভারত ১৯৬৫ সালে পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য স্বাধীনতা যুদ্ধে আমাদের পেছনে এসে দাঁড়িয়েছিল।’ উক্ত বক্তব্যে তিনি ‘বাংলাদেশ এখনও পাকিস্তানের অঙ্গরাজ্য।’ কোনো মন্তব্য করেননি।
অর্থাৎ, মিয়া গোলাম পরওয়ারের মূল বক্তব্য ‘পাকিস্তানি সৈন্যরা ভারতের কাছে আত্মসমর্পণ করেছে, মুক্তিযোদ্ধাদের কাছে নয়।’-কে বিকৃত করে ‘পাকিস্তান ভারতের কাছে আত্মসমার্পণ করেছে, বাংলাদেশের কাছে নয়, বাংলাদেশ এখনও পাকিস্তানের অঙ্গরাজ্য।’ দাবিতে প্রচার করা হয়েছে।
সুতরাং, মিয়া গোলাম পরওয়ার ‘বাংলাদেশ এখনও পাকিস্তানের অঙ্গরাজ্য’ শীর্ষক মন্তব্য করেছেন বলে যে দাবি করা হচ্ছে তা সম্পাদিত।
তথ্যসূত্র
- Mia Golam Porwar – Facebook Page
- DBC News – Facebook Post
- The Daily Star – ‘পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ নিতে ভারত স্বাধীনতা যুদ্ধে আমাদের পেছনে দাঁড়িয়েছিল’


