পোস্টাল ব্যালট এখনও গণণা না হলেও জামায়াতের পক্ষে বেশি ভোট পড়েছে বলে ভুয়া দাবি ভাইরাল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে। ০২ ফেব্রুয়ারি এই তথ্য জানিয়েছে ইসি। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গেল কয়েকদিনে একটি দাবি বেশ ভাইরাল। বলা হচ্ছে, “অবশেষে প্রবাসীদের পোস্টাল ভোট গণনা শেষ হয়েছে। ৪ লাখ ৩২ হাজার পোস্টাল ভোটের মধ্যে ৩ লাখ ৬০ হাজার ভোট পড়েছে দাঁড়িপাল্লায়। আর ৭২ হাজার ভোট পড়েছে বিএনপির দিকে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন।”

উক্ত দাবির ফেসবুকের অন্তত তিনটি পোস্টেই রিয়েক্ট পড়েছে ৭৮ হাজারের বেশি বার। পোস্টগুলো দেখুন এখানে, এখানে, এখানে

একই দাবির টিকটকে প্রচারিত তিনটি ভিডিও দেখা হয়েছে অন্তত ১৭ লাখ ৫৭ হাজারের বার। ভিডিওগুলো দেখুন এখানে, এখানে, এখানে

একই দাবি করেছেন ঢাকা-৮ আসনে এনসিপি-জামায়াত জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রবাসীদের পোস্টাল ব্যালটে দাঁড়িপাল্লা মার্কা তথা জামায়াতে ইসলামীর পক্ষে বেশি ভোট পড়েছে শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, পোস্টাল ব্যালটের ভোট এখনও গণনাই হয়নি। এটি ১২ ফেব্রুয়ারি একসাথেই গণনা হবে বলে নির্বাচনের কমিশনের পক্ষ থেকে রিউমর স্ক্যানারকে জানানো হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে একটি টিকটক ভিডিও নজরে আসে রিউমর স্ক্যানারের যেখানে এক ব্যক্তিকে মাইক্রোফোন হাতে উক্ত দাবিতে মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটির আনুষঙ্গিক উপাদান বিশ্লেষণ করে এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কনটেন্ট বলে প্রতীয়মান হয়। নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’সহ একাধিক টুল ব্যবহার করে এটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা শতভাগ বলে জানা গেছে।

‘Bangladeshi Dalal’ নামের যে টিকটক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে তা পর্যালোচনা করে দেখা যায়, অ্যাকাউন্টটিতে নিয়মিত এআই কনটেন্ট প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

পরবর্তী অনুসন্ধানে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ নামে ওয়েবসাইট চালু রেখেছে নির্বাচন কমিশনে। এ সংক্রান্ত ওয়েবসাইটে নিবন্ধনের সংখ্যা, ভোটপ্রদান এবং দেশে ব্যালট পাঠানো সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। তবে ওয়েবসাইটটি পর্যবেক্ষণ করে ভোট গণনার কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি।

এছাড়া, নির্বাচন কমিশন সূত্রে উক্ত দাবি সংবলিত কোনো সংবাদ গণমাধ্যমে বা কমিশনের ওয়েবসাইটে পাওয়া যায়নি।

নির্বাচন কমিশনের এক পরিপত্র থেকে জানা যায়, ২১ জানুয়ারির পর থেকে পোস্টাল ব্যালট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছানো শুরু হয়েছে। পোস্টাল ব্যালট সংরক্ষণের জন্য ব্যালট বাক্স প্রস্তুত রাখা হচ্ছে। ভোট গ্রহণের দিন অর্থাৎ আগামী ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ডাকযোগে আসা পোস্টাল ব্যালট গণনার অন্তর্ভুক্ত হবে। গণনা কার্যক্রম ভোটগ্রহণের দিনই সম্পন্ন হবে৷

এ বিষয়ে জানতে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, পোস্টাল ব্যালটের গণনা ১২ ফেব্রুয়ারিতে স্ব স্ব কেন্দ্রেই হবে।

সুতরাং, পোস্টাল ব্যালট এখনও গণণা না হলেও জামায়াতের পক্ষে বেশি ভোট পড়েছে বলে যে দাবি করা হয়েছে তা মিথ্যা এবং এ সংক্রান্ত ভাইরাল ভিডিওটি এআই জেনারেটেড।

তথ্যসূত্র

Share: