গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন চলাকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ভাষণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে সংসদ কক্ষ। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ সংসদ কক্ষে ‘গেট আউট চুপ্পু’ এবং ‘জুলাইয়ের গাদ্দারকে চাই না’ বলে স্লোগান দেন। এরই প্রেক্ষিতে রাষ্ট্রপতির আদেশে হাসনাত আবদুল্লাহর সংসদ সদস্য পদ বাতিল করা হয়েছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ৭ শত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সংসদ সদস্য পদ বাতিল করা হয়নি। প্রকৃতপক্ষে, কোনোপ্রকার তথ্যপ্রমাণ ছাড়াই উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি।
অধ্যাদেশ জারির মাধ্যমে রাষ্ট্রপতি যদি হাসনাত আবদুল্লাহ সংসদ সদস্য পদ বাতিলের নির্দেশ দিতেন তবে এ নিয়ে আলোচনা-সমালোচনা হতো এবং গণমাধ্যমেও গুরুত্ব সহকারে সংবাদ প্রচারিত হতো। কিন্তু গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
এছাড়া, বঙ্গভবন থেকে এ বিষয়ক অধ্যাদেশ জারির কথা বলা হলেও বঙ্গভবনের ওয়েবসাইট পর্যবেক্ষণ করে উক্ত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
তাছাড়া, বাংলাদেশ জাতীয় সংসদের ওয়েবসাইটে বর্তমান সংসদ সদস্যদের তালিকায় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হিসেবে হাসনাত আবদুল্লাহর নাম খুঁজে পাওয়া যায়।
সুতরাং, হাসনাত আবদুল্লাহর সংসদ সদস্য পদ বাতিল হয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা৷


