“আ.লীগের কার্যক্রম সচল না করলে বিএনপির পতন”—রাষ্ট্রপতির নামে ভুয়া মন্তব্য, ভিডিও ভিন্ন ঘটনার

সম্প্রতি, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন “আওয়ামী লীগের কার্যক্রম সচল না করা হলে বিএনপি’র পতন নিশ্চিত” মন্তব্য করেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “আওয়ামী লীগের কার্যক্রম সচল না করা হলে বিএনপি’র পতন নিশ্চিত” শীর্ষক কোনো মন্তব্য রাষ্ট্রপতি করেননি। প্রকৃতপক্ষে, ভিন্ন ভিন্ন ঘটনার ভিডিও এবং ভিন্ন প্রেক্ষিতে রাষ্ট্রপতির দেওয়া বক্তব্যের খণ্ডাংশ একসাথে যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।
বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি বর্তমান সরকার বিএনপি এবং আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে আলোচিত মন্তব্যটি প্রকাশ্যে করলে তা গণমাধ্যমে ফলাও করে সংবাদ হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটিতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের দুইটি বক্তব্যের খণ্ডাংশ, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর একটি বক্তব্যের খণ্ডাংশ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার একটি বক্তব্যের খণ্ডাংশ এবং রাস্তায় জনতার বিক্ষোভ মিছিলের দুইটি খণ্ডাংশ রয়েছে।
উক্ত খণ্ড খণ্ড ভিডিওগুলো আলাদা আলাদাভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।
ভিডিও যাচাই-১
শুরুতে রাষ্ট্রপতির বক্তব্য দেওয়ার একটি খণ্ডাংশ দেখা যায়। অনুসন্ধানে চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৮ মে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর এই অংশের মিল রয়েছে।

চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলে থাকা রাষ্ট্রপতির পুরো বক্তব্য বিশ্লেষণ করে দেখা যায়, এটিতে আলোচিত দাবির সপক্ষে কোনো মন্তব্য তিনি করেননি।
এছাড়া, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে ২০২৫ সালের ১১ মে, যা গত ০৮ এপ্রিল আইন আকারে সংসদে পাশ হয়েছে।
অর্থাৎ, রাষ্ট্রপতি বক্তব্যটি যখন দিয়েছেন তখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ছিল না। বরং, তখন আওয়ামী লীগ ক্ষমতাসীন ছিল।
ভিডিও যাচাই-২
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি বক্তব্যের খণ্ডাংশ প্রচার হতে দেখা যায়। অনুসন্ধানে ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ২২ মার্চে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওতে থাকা হাসনাত আবদুল্লাহর বক্তব্য, আশেপাশের মানুষের সাথে আলোচিত ভিডিওতে থাকা খণ্ডাংশের মিল রয়েছে।

ডিবিসি নিউজে প্রকাশিত হাসনাত আবদুল্লাহর পুরো বক্তব্য বিশ্লেষণ করে জানা যায়, হাসনাত আবদুল্লাহ রাষ্ট্রপতির কোনো বক্তব্যের প্রতিবাদে এই বক্তব্য রাখেননি বরং, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চেয়ে বক্তব্য রেখেছেন।
এছাড়া, একই বক্তব্য প্রথম আলোর ওয়েবসাইটেও পাওয়া যায়। সেখানেও রাষ্ট্রপতির কোনো বক্তব্যের প্রতিবাদে হাসনাত আবদুল্লাহর বক্তব্য দেওয়ার তথ্য উল্লেখ করা হয়নি।
ভিডিও যাচাই-৩
এই অংশে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার একটি বক্তব্যের খণ্ডাংশ প্রচার করতে দেখা যায়। অনুসন্ধানে বাংলাদেশ টাইমস এর ফেসবুক পেজে ২০২৪ সালের ০২ আগস্ট প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

বাংলাদেশ টাইমস এর ফেসবুক পেজে প্রকাশিত রুমিন ফারহানার পুরো বক্তব্য বিশ্লেষণ করে জানা যায়, রুমিন ফারহানা রাষ্ট্রপতির কোনো বক্তব্যের প্রতিবাদে এই বক্তব্য রাখেননি। বরং, তখন চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে তিনি রাস্তায় নেমেছিলেন।
একই ঘটনা নিয়ে তখন ভিডিও প্রকাশ করেছিল বায়ান্ন টিভিও।
এছাড়া, তখন আওয়ামী লীগ নিষিদ্ধ বা নিষিদ্ধকরণের কোনো আলোচনা হয়নি। বরং, ওই বছরের ০৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতাসীন দল ছিল।
ভিডিও যাচাই-৪
শেষ অংশে রাষ্ট্রপতির আরেকটি বক্তব্যের খণ্ডাংশ রয়েছে। অনুসন্ধানে এটিএন নিউজের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা রাষ্ট্রপতির বক্তব্য, ব্যাকগ্রাউন্ড, পোশাকের সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর সেক্টরস কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ কর্তৃক আয়োজিত এক সম্মেলনে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি। তবে, তিনি আলোচিত দাবির সপক্ষে কোনো বক্তব্য দেননি।
এছাড়া, তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। তাই সহজেই প্রতীয়মান হয় যে, ভিডিওটির সাথে দাবিটি অপ্রাসঙ্গিক।
পাশাপাশি, আলোচিত ভিডিওটিতে একাধিক অপ্রাসঙ্গিক ভিডিও যুক্ত থাকতেও দেখা যায়।
সুতরাং, রাষ্ট্রপতি, রুমিন ফারহানা, হাসনাত আবদুল্লাহ এবং অপ্রাসঙ্গিক একাধিক ভিডিও যুক্ত করে রাষ্ট্রপতি “আওয়ামীলীগের কার্যক্রম সচল না করা হলে বিএনপি’র পতন নিশ্চিত” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Channel 24- Video
- Prothom Alo- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে
- DBC News- Video
- Prothom Alo- সেনাবাহিনীর প্রতি আমাদের পূর্ণ আস্থা ও সমর্থন আছে: হাসনাত আবদুল্লাহ
- Bangladesh Times- Facebook Post
- Bayanno Tv- Video
- ATN News- Report

