আ.লীগকে বাদ দিয়ে নির্বাচন মেনে নেবেন না বলে মন্তব্য করেননি রাষ্ট্রপতি

সম্প্রতি ‘আওয়ামীলীগ’কে বাদ দিয়ে নির্বাচন মেনে নিবো না : রাষ্ট্রপতি শাহাবুদ্দিন’ শিরোনামে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এরূপ কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনোপ্রকার তথ্যপ্রমাণ ছাড়াই তাকে উদ্ধৃত করে আলোচিত মন্তব্যটি প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘Channai 24’ নামক একটি লোগো খুঁজে পাওয়া যায়। এই সূত্র ধরে ‘Channai 24’ নামক ফেসবুক পেজে গত ০১ জানুয়ারি প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়।

‘Channai 24’ নামক ভুঁইফোড় পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায় যায়, এই পেজটি কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র উল্লেখ না করে নিয়মিতভাবে এ ধরণের ভুয়া তথ্য প্রচার করে থাকে।
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যদি বাংলাদেশ আওয়ামী লীগ ও আসন্ন নির্বাচন প্রসঙ্গে আলোচিত মন্তব্যটি করতেন তবে এ বিষয়ে গুরুত্বসহকারে সংবাদ প্রচারিত হতো। কিন্তু গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
এছাড়া, আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবিটির বিষয়ে অনুসন্ধানে অনলাইন ছবি ভাণ্ডার Wikimedia Commons সূত্রে জানা যায়, এটি ২০২৩ সালের ০৭ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ১৮তম পূর্ব এশিয়া সামিটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের অংশগ্রহণের একটি স্থিরচিত্র।
অর্থাৎ, আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবিটির সাথে আলোচিত দাবির মন্তব্যটির কোনো সম্পর্ক নেই।
সুতরাং, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন মেনে নেবেন না বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Channai 24 – Facebook Post
- Wikimedia Commons – 18th East Asia Summit, Jakarta, Indonesia

