৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন ও সংস্থা দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। কর্মসূচির অংশ হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বিভিন্ন এনজিও ও ব্যাংক ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান, আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করেছে। এতে নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারীর পুরস্কার দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয় নারীকে। খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার নাতনি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এরই প্রেক্ষিতে জাইমা রহমানের পায়ে হাত দিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সালাম করলেন শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাইমা রহমানের পায়ে হাত দিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সালাম করেননি। এ দাবিতে প্রচারিত ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করা।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার সংবাদমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে জাইমা রহমানের পায়ে হাত দিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সালাম জানানোর দাবিটির সত্যতা খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে ‘Channel Dhaka’ নামক একটি ইউটিউব চ্যানেলে “জায়মা রহমানকে পরপর দুইবার সালাম দিলেন রাষ্ট্রপতি, সমালোচনার ঝড়” শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

তবে, উক্ত ভিডিওতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে হাতের ইশারায় কুশল বিনিময় করতে দেখা গেলেও জাইমা রহমানের পায়ে হাত দিয়ে সালাম জানাতে দেখা যায়নি।
পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দেশিয় মূলধারার একাধিক (১, ২, ৩) সংবাদমাধ্যমে খবর প্রচার হতে দেখা যায়। সংবাদগুলো পর্যবেক্ষণে দেখা যায়, খালেদা জিয়ার সংক্ষিপ্ত পরিচিতি দেওয়ার পর তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের হাত থেকে গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানান অনুষ্ঠানটির সঞ্চালক। এরপর জাইমা রহমান মঞ্চে উঠে আসেন এবং এসময় রাষ্ট্রপতিকে অন্তত দুইবার হাত নেড়ে সম্ভাষণ দিতে দেখা যায়। পরবর্তীতে, জাইমা রহমান রাষ্ট্রপতির কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন। তবে, পুরো প্রতিবেদনের কোথাও রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে জাইমা রহমানের পায়ে হাত দিয়ে সালাম করতে দেখা যায়নি।
তাছাড়া, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির বিষয়ে অনুসন্ধানে ‘ImageWhisperer’ নামে একটি টুলের সাহায্যে ছবিটি বিশ্লেষণ করে দেখা যায়, এটির একটি নির্দিষ্ট অংশে এডিট/ম্যানিপুলেশন হওয়ার সম্ভাবনা খুব বেশি।

সুতরাং, জাইমা রহমানের পায়ে হাত দিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সালাম করার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Bangladesh Sangbad Sangstha: আজ আন্তর্জাতিক নারী দিবস
- Channel Dhaka: জায়মা রহমানকে পরপর দুইবার সালাম দিলেন রাষ্ট্রপতি, সমালোচনার ঝড়
- Ittefaq: খালেদা জিয়ার হয়ে পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান
- EKHON TV: দাদি খালেদা জিয়ার ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা নিলেন নাতনি জাইমা রহমান
- SOMOY TV: বেগম জিয়ার পক্ষে ‘অদম্য নারী’ সম্মাননা গ্রহণ করলেন জাইমা রহমান
- Prothom Alo: খালেদা জিয়ার মরণোত্তর ‘শ্রেষ্ঠ অদম্য’ নারী সম্মাননা গ্রহণ করলেন জাইমা রহমান
- Rumor Scanner’s Analysis


