রাষ্ট্রপতি আ.লীগকে নিয়ে নির্বাচন আয়োজন করবেন দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, ‘আওয়ামী লীগকে নিয়ে এখন নির্বাচন করবে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ভাই’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ১৯ হাজার বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগকে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করবেন বলে মন্তব্য করেননি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। প্রকৃতপক্ষে, ভিন্ন ভিন্ন ঘটনার একাধিক পুরোনো ভিডিওযুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
ভিডিও যাচাই- ১
এ বিষয়ে অনুসন্ধানে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ছাড় দেয়া হবে না: মো. সাহাবুদ্দিন’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

Comparison: Rumor Scanner
এ বিষয়ে আরো অনুসন্ধান করে যমুনার ওয়েবসাইটে ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২২তম রাষ্ট্রপতি হিসেবে ১৩ ফেব্রুয়ারি (২০২৩) মো. সাহাবুদ্দিনের নাম ঘোষণা করে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির পর যমুনা টেলিভিশনের মুখোমুখি হন নবনির্বাচিত রাষ্ট্রপ্রধান। এ সময় তিনি বলেন, ‘কাউকে অবদমিত করতে নয়, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমি আমার ক্ষমতা প্রয়োগ করবো। সুষ্ঠু নির্বাচনের জন্য দায়িত্ব পালনে যদি ক্ষমতাসীন বা বিরোধী দল ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমার করার কিছু নেই। আমি চাই একটি সুষ্ঠু নির্বাচন’।
ভিডিও যাচাই- ২
এ বিষয়ে অনুসন্ধানে মাছরাঙ্গা টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৭ মে ‘দেশে অনির্বাচিত সরকার আসার সুযোগ নেই : রাষ্ট্রপতি’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে সমকালের ওয়েবসাইটে ২০২৩ সালের ১৭ মে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন পাবনা ডায়াবেটিক সমিতির সুধী সমাবেশে দেওয়া বক্তব্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, অনির্বাচিত সরকারের সুযোগ নেই, সংবিধান অনুযায়ী স্বাধীন কমিশন নিরপেক্ষ নির্বাচন করবে।
এছাড়া, আলোচিত দাবির ভিডিওতে আরও বেশ কিছু অপ্রাসঙ্গিক ছবি ও ফুটেজ ব্যবহার করা হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে কোনো মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো। উক্ত বিষয়ে গণমাধ্যম কিংবা বিশ্বস্তসূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নি।
সুতরাং, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আওয়ামী লীগকে নিয়ে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করবেন বলে ঘোষণা দিয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Jamuna TV – সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ছাড় দেয়া হবে না: মো. সাহাবুদ্দিন
- Maasranga News – দেশে অনির্বাচিত সরকার আসার সুযোগ নেই : রাষ্ট্রপতি
- Jamuna TV – নির্বাচন সুষ্ঠু করতে ক্ষমতাসীন বা বিরোধী দল ক্ষতিগ্রস্ত হলে করার কিছু নেই: মো. সাহাবুদ্দিন
- Samakal – অনির্বাচিত সরকারের সুযোগ নেই, সংবিধান অনুযায়ী নির্বাচন: রাষ্ট্রপতি

