চলতি বছরের জানুয়ারি মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ৫৭৭টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার, যা এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ শনাক্তের পরিমাণ। রিউমর স্ক্যানারের ওয়েবসাইটে ৪৫২টি প্রতিবেদনের মাধ্যমে এসব ভুল তথ্যের ফ্যাক্টচেক প্রকাশ করা হয়েছে। বিশ্লেষণ বলছে, জানুয়ারিতে রাজনৈতিক বিষয়ে সবচেয়ে বেশি (৪৬৯) ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রমাণ মিলেছে, যা মোট ভুল তথ্যের প্রায় ৮১ শতাংশ। এছাড়া জাতীয় বিষয়ে ৫৬টি, আন্তর্জাতিক বিষয়ে ১৪টি, খেলাধুলা বিষয়ে ১৪টি, ধর্মীয় বিষয়ে ১২টি, বিনোদন বিষয়ে ৯টি এবং শিক্ষা বিষয়ে ১টি ও প্রতারণা বিষয়ে ২টি ভুল তথ্য শনাক্ত হয়েছে গত মাসে।
এসব ঘটনায় তথ্য কেন্দ্রিক ভুলই ছিল সবচেয়ে বেশি, ৩৩২টি। এছাড়া ভিডিও কেন্দ্রিক ভুল ছিল ১৯২টি এবং ছবি কেন্দ্রিক ভুল ছিল ৫৩টি। শনাক্ত হওয়া ভুল তথ্যগুলোর মধ্যে মিথ্যা হিসেবে ৪১৯টি, বিকৃত ১২৩টি, বিভ্রান্তিকর হিসেবে ৩৪টি, আংশিক মিথ্যা হিসেবে ১টি ঘটনাকে সাব্যস্ত করা হয়েছে।
শনাক্ত হওয়া ভুল তথ্যগুলো বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার দেখেছে, এই সময়ে পুরুষদের জড়িয়ে ভুল তথ্য প্রচার হয়েছে ৪০৫টি এবং নারীদের জড়িয়ে ভুল তথ্য শনাক্ত হয়েছে ১৭১টি।
একই সময়ে বয়সের ধরণ অনুযায়ী পুরুষ ও নারীদের চারটি করে ভাগে ভাগ করা হয়েছে ভুল তথ্যগুলোকে। বিশ্লেষণে দেখা যায়, পুরুষদের মধ্যে শিশুদের নিয়ে ২টি, যুবদের নিয়ে ৯৭টি, মধ্যবয়সীদের নিয়ে ৩৮টি এবং প্রবীণদের নিয়ে ৭০টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে।
এছাড়া, নারীদের মধ্যে শিশুদের নিয়ে ৫টি, যুবদের নিয়ে ৫৯টি, মধ্যবয়সীদের নিয়ে ৩৮টি এবং প্রবীণদের নিয়ে ৬৯টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে।
প্লাটফর্ম হিসেবে এ মাসে ফেসবু্কে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়িয়েছে, সংখ্যার হিসেবে যা ৫২৯টি। এছাড়া ইনস্টাগ্রামে ৭৩টি, ইউটিউবে ৩৪টি, এক্সে ২৬টি, টিকটকে ৭৪টি, লিংকডইনে ১টি ও থ্রেডসে অন্তত ১৯টি ভুল তথ্য প্রচারের প্রমাণ মিলেছে। ভুল তথ্য প্রচারের তালিকা থেকে বাদ যায়নি দেশের গণমাধ্যমও। ১৭টি ঘটনায় দেশের একাধিক গণমাধ্যমে ভুল তথ্য প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে জড়িয়ে অপতথ্য শনাক্ত হয়েছে ৫টি।
বাংলাদেশকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অপতথ্য প্রচারের বিষয়টি গেল বেশ কয়েক মাস ধরে আলোচনায়। জানুয়ারিতে ২৯টি সাম্প্রদায়িক অপতথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। এর মধ্যে ২৩টি ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পরিচয়ধারী অ্যাকাউন্ট ও পেজ থেকে অপতথ্য প্রচারের প্রমাণ পাওয়া গেছে।
রিউমর স্ক্যানার টিমের পর্যবেক্ষণে দেখা গেছে, জানুয়ারিতে বর্তমান অন্তর্বর্তী সরকারকে জড়িয়ে ৪টি ভুল তথ্য প্রচার করা হয়েছে। ভুলতথ্যগুলোর ধরণ বুঝতে এগুলোকে রিউমর স্ক্যানার দুইটি আলাদা ভাগে ভাগ করেছে৷ সরকারের পক্ষে যায় এমন ভুল তথ্যের প্রচারকে ইতিবাচক এবং বিপক্ষে যায় এমন ভুলতথ্যের প্রচারকে নেতিবাচক হিসেবে ধরে নিয়ে রিউমর স্ক্যানার দেখেছে, এসব ভুলতথ্যের সবগুলোতেই সরকারকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।
জানুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ১৩টি ভুল তথ্য প্রচার করা হয়েছে। সবগুলোতেই তাকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। এছাড়া, সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে জড়িয়ে ৬টি, সৈয়দা রিজওয়ানা হাসানকে জড়িয়ে ৪টি এবং মুহাম্মদ ফাওজুল কবির খান, জাহাঙ্গীর আলম চৌধুরী, এম সাখাওয়াত হোসেন, শেখ বশিরউদ্দীনকে জড়িয়ে ২টি করে ভুল তথ্য শনাক্ত করা হয়েছে। উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও শারমীন এস মুরশিদকে জড়িয়ে ১ টি করে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে জড়িয়ে ১টি এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজকে জড়িয়েও ২টি ভুল তথ্য শনাক্ত হয়েছে।
এ মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নিয়ে বেশ আলোচনা চলছে সর্বত্র। গেল বেশ কয়েক মাসে এই নির্বাচনকে কেন্দ্র করে অপতথ্যের প্রচার বৃদ্ধি পেয়েছে। জানুয়ারিতে এ সংক্রান্ত ২৭১টি অপতথ্য শনাক্ত হয়েছে। একই সময়ে গণভোট নিয়ে শনাক্ত হয়েছে ১৭টি অপতথ্য।
রিউমর স্ক্যানার জানুয়ারি মাসের ফ্যাক্টচেকগুলো বিশ্লেষণে দেখেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী, তার অঙ্গসংগঠন এবং নেতাকর্মীদের জড়িয়ে জানুয়ারিতে ২৩৮টি অপতথ্যের প্রচার করা হয়েছে। এর মধ্যে দল হিসেবে জামায়াতকে জড়িয়ে ১৫৩টি অপতথ্য প্রচার করা হয়েছে। এসবের প্রায় ৮৯ শতাংশ ক্ষেত্রেই দলটিকে নিয়ে নেতিবাচক মনোভাব সৃষ্টির সুযোগ রেখেছে। একই সময়ে দলটির আমীর ডা. শফিকুর রহমানকে জড়িয়ে ২৫টি অপতথ্য (৯৬ শতাংশই নেতিবাচক) শনাক্ত হয়েছে। এছাড়া, ছাত্রশিবিরকে জড়িয়ে এই সময়ে ২০টি অপতথ্য প্রচার করা হয়েছে।
এই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), তার অঙ্গসংগঠন এবং নেতাকর্মীদের জড়িয়ে ২৩৮টি অপতথ্য শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দল হিসেবে বিএনপিকে জড়িয়ে ৮৬টি অপতথ্য প্রচার করা হয়েছে, যার প্রায় ৬২ শতাংশ ক্ষেত্রেই দলটিকে নিয়ে নেতিবাচক মনোভাব সৃষ্টির সুযোগ রেখেছে। এছাড়া, দলটির চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে এই সময়ে ৬০টি অপতথ্য (৭২ শতাংশ ক্ষেত্রেই নেতিবাচক উপস্থাপন) প্রচার করা হয়েছে। এছাড়া, ছাত্রদলকে জড়িয়ে এই সময়ে ৯টি ও যুবদলকে জড়িয়ে ১টি অপতথ্য প্রচার করা হয়েছে।
এছাড়া, জানুয়ারি মাসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও দলটির নেতাকর্মীদের জড়িয়ে ৫৩টি অপতথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। এর মধ্যে দল হিসেবে এনসিপিকে জড়িয়ে ৯টি অপতথ্য প্রচার করা হয়েছে, যার সবগুলোতেই দলটিকে নিয়ে নেতিবাচক মনোভাব সৃষ্টির সুযোগ রেখেছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে জড়িয়েও ৯টি অপতথ্য (সবগুলোই নেতিবাচক) শনাক্ত হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ থাকা দল বাংলাদেশ আওয়ামী লীগ, তার অঙ্গ-ভ্রাতৃপ্রতীম সংগঠন এবং নেতাকর্মীদের নিয়ে জানুয়ারিতে ৯৮টি অপতথ্যের প্রচার করা হয়েছে। এর মধ্যে দল হিসেবে আওয়ামী লীগকে জড়িয়ে ২৯টি অপতথ্য প্রচার করা হয়েছে যার প্রায় ৯৬ শতাংশ ক্ষেত্রেই দলটির পক্ষে ইতিবাচক মনোভাব সৃষ্টির সুযোগ রেখেছে। দলটির সভাপতি শেখ হাসিনাকে জড়িয়ে এই সময়ে ৪১টি অপতথ্য (৯০ শতাংশই ইতিবাচক) প্রচারের প্রমাণ মিলেছে।
ভুল তথ্যের রোষানল থেকে রক্ষা পাচ্ছে না রাষ্ট্রীয় বাহিনীগুলোও। জানুয়ারিতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে ২টিসহ এই বাহিনীকে নিয়ে ১৪টি ভুল তথ্যের প্রচার দেখেছে রিউমর স্ক্যানার। এছাড়া পুলিশের আইজিপি বাহারুল আলমকে জড়িয়ে ১টিসহ বাংলাদেশ পুলিশকে জড়িয়ে ১৮টি এবং র্যাবকে জড়িয়ে ২টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার।
জানুয়ারিতে শনাক্ত হওয়া ভুল তথ্যগুলো বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার দেখেছে, এই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভুয়া কনটেন্ট শনাক্ত হয়েছে ১৪১টি। এর মধ্যে ডিপফেক কনটেন্ট শনাক্ত করা হয়েছে ১১টি।
জানুয়ারি মাসে দেশে ৬টি ঘটনা বা ইস্যুতে ভুল তথ্যের প্রচার ছিল। ময়মনসিংহে দীপু দাস হত্যা ইস্যুতে ১৮টি, খালেদা জিয়ার মৃত্যু ইস্যুতে ৯টি, আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বাদ ইস্যুতে ১০টি, জকসু নির্বাচন ইস্যুতে ৮টি, তাহরিমা জান্নাত সুরভী আটকের ইস্যুতে ৫টি এবং গ্যাস সংকট ঘটনাকে কেন্দ্র করে ৫টি ভুল তথ্য শনাক্ত হয়েছে।
গণমাধ্যমের নাম, লোগো, শিরোনাম এবং নকল ও ভুয়া ফটোকার্ড ব্যবহার করে ভুল তথ্য প্রচারের পরিমাণ আবার বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে৷ জানুয়ারি মাসে এই পদ্ধতির ব্যবহার করে ২০৭টি ঘটনায় দেশ-বিদেশি ৩৪টি সংবাদমাধ্যমকে জড়িয়ে ২৩৯টি ভুল তথ্য প্রচার করা হয়েছে।
বার্তা প্রেরক
তানভীর মাহতাব আবীর
সিনিয়র ফ্যাক্টচেকার,
রিউমর স্ক্যানার বাংলাদেশ।
[email protected]


