তারেক রহমানের বিরুদ্ধে শফিকুল আলমের মন্তব্য দাবিতে বাংলা ট্রিবিউনের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ‘তারেক রহমান একজন দুর্নীতিবাজ পলাতক নেতা। তিনি ২১শে আগস্ট বো*মা হামলার মাস্টার মাইন্ড। ইন্টারপোলের মাধ্যমপ তাকে দেশে এনে বিচার করব।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে অনলাইন গনমাধ্যম বাংলা ট্রিবিউন এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমানকে নিয়ে শফিকুল আলম এমন কোনো মন্তব্য করেননি এবং বাংলা ট্রিবিউনও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বাংলা ট্রিবিউনের ডিজাইন নকল করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউনের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২৯ নভেম্বর, ২০২৫ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজে গত ২৯ নভেম্বর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে উদ্ধৃত করে ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের তরফ থেকে কোনও বিধি-নিষেধ অথবা কোনও ধরনের আপত্তি নেই’ শীর্ষক মন্তব্য সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের তারিখ, বাংলা ট্রিবিউনের লোগো এবং শফিকুল আলমের ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। আলোচিত ফটোকার্ডে ব্যবহারিত ফন্টের রঙের সাথেও বাংলা ট্রিবিউনের ফটোকার্ডে ফটোকার্ডের অমিল আছে।

অর্থাৎ, বাংলা ট্রিবিউন এর এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত বাংলা ট্রিবিউনের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৯ নভেম্বর বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শফিকুল আলম জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধি-নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নাই। পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

পরবর্তীতে, শফিকুল আলমের ভেরিফাইড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত পোস্টটি পাওয়া যায়।

সুতারাং, তারেক রহমানকে জড়িয়ে শফিকুল আলমকে উদ্ধৃত করে বাংলা ট্রিবিউন এর নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র 

Share: