প্রধানমন্ত্রী তারেক রহমান শসার বদলে মুলা খাওয়ার পরামর্শ দিয়েছেন দাবিতে ভুয়া তথ্য প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংযুক্ত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। ফটোকার্ডটির শিরোনামে দাবি করা হয়, ‘শসার বদলে মুলা খাওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত দাবিটি সঠিক নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এ ধরনের কোনো পরামর্শ দেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে উদ্ভূত বিষয়টিকে আসল খবর দাবি করে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে, আলোচিত ফটোকার্ডটি বিশ্লেষণ করে কয়েকটি অসংগতি চিহ্নিত হয়। এতে “anwar tv” নামে একটি লোগো ব্যবহার করা হয়েছে এবং প্রকাশের তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে “২০ ফেব্রুয়ারি, ২০২৬” এরই সূত্র ধরে সংশ্লিষ্ট ফেসবুক পেজটি শনাক্ত করা হয়। পরবর্তী সময়ে দেখা যায়, anwar tv নামের ওই পেজ থেকেই একই ফটোকার্ড প্রথম প্রকাশ করা হয়। তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি। এরপর, ‘Anwar Tv’ নামক ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত পেজটি স্যাটায়ার বা হাস্যরসাত্মক পেজ।

অর্থাৎ, উক্ত দাবিতে করা পোস্টটি স্যাটায়ার বা মজার ছলে প্রচার করা হয়েছিল।
পেজটি পর্যবেক্ষণে দেখা যায়, এর বায়োতে উল্লেখ রয়েছে “পেইজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে দয়া করে কোনো পোস্ট সিরিয়াসলি নিবেন না, আমরা সবসময় সমসাময়িক নিউজগুলোকে সারকাজম আকারে প্রকাশ করি। ধন্যবাদ” পাশাপাশি অ্যাবাউট সেকশনে পেজটিকে Satire/Parody হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ, পেজটি নিজেই তাদের কনটেন্টকে ব্যঙ্গধর্মী ও অবাস্তব উপস্থাপনা হিসেবে ঘোষণা করেছে। পেজটির পূর্ববর্তী পোস্টগুলো পর্যালোচনায় একই ধরনের তথ্যপ্রমাণহীন ও সার্কাজমভিত্তিক একাধিক কনটেন্ট পাওয়া গেছে। (১,২,৩)
এছাড়া, মূলধারার গণমাধ্যম কিংবা কোনো বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির পক্ষে সমর্থনযোগ্য তথ্য বা প্রতিবেদন পাওয়া যায়নি এবং প্রধানমন্ত্রীর কার্যালয় এর ভেরিফাইড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে আলোচিত ঘটনা নিয়ে কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ‘শসার বদলে মুলা খাওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ শীর্ষক মন্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- PMO Bangladesh প্রধানমন্ত্রীর কার্যালয় – Facebook Page
- Anwar Tv – Facebook page
- Rumor Scanner’s Own Analysis

