যুক্তরাষ্ট্রে বিধ্বস্ত প্রাইভেট জেটের পাইলট বাংলাদেশি ছিলেন না

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার স্টেটসভিল রিজিওনাল এয়ারপোর্টে একটি প্রাইভেট জেট বিধ্বস্ত হয়। ফাঁস হওয়া এফবিআই চ্যাটারের বরাত দিয়ে দাবি করা হচ্ছে, পাইলট ছিলেন এক সুন্নী বাংলাদেশি উগ্রপন্থী ইসলামপন্থী, যিনি জামায়াতে ইসলামী ও আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার (AQIS) সাথে যুক্ত ছিলেন। বিমানে বিধ্বস্ত হওয়ার আগে তিনি ওসামা বিন লাদেনের প্রশংসা করেছিলেন। 

উক্ত দাবিতে এক্সের পোস্ট দেখুন এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার স্টেটসভিল রিজিওনাল এয়ারপোর্টে বিধ্বস্ত হওয়া প্রাইভেট জেটের পাইলট বাংলাদেশি ছিলেন শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, উড়োজাহাজটিতে থাকা সাত আরোহীর কেউই বাংলাদেশি ছিলেন না।

এ বিষয়ে অনুসন্ধানে গাড়ি রেসিং কোম্পানি নাসকার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটিতে ছিলেন নাসকার রেসিং গাড়ি চালক গ্রেগ বিফল, তার স্ত্রী ক্রিস্টিনা, ছেলে রাইডার, মেয়ে এমা। বিমানে থাকা অন্যদের মধ্যে ছিলেন ডেনিস ডাটন এবং তার ছেলে জ্যাক এবং ক্রেগ ওয়েডসওর্থ।

অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রেও একই তথ্য পাওয়া যাচ্ছে।

গ্রেগ বিফেলের জন্ম ১৯৬৯ সালে ভ্যান্কুবারে। দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে গ্রেগ বিফেল ২০২৩ সালে নাসকারের ৭৫ জন সর্বকালের সেরা চালক’-এর একজন হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ৫৫ বছর বয়সী বিফল ২০ বছরের ক্যারিয়ারে কাপ সিরিজে ১৯টি রেস জিতেছিলেন।

ডেনিস ডাটনের ফেসবুক প্রোফাইল সূত্রে জানা যায়, তার বাড়ি নর্থ ক্যারোলাইনাতেই। তিনি ও তার ছেলে জ্যাক দুজনই ছিলেন পাইলট। ৬৭ বছর বয়সী ডেনিস ইউএস এয়ার ফোর্সের রিজার্ভ পাইলট ছিলেন এক সময়, ছিলেন ডেল্টা এয়ারলাইনসের ক্যাপ্টেনও।

ক্রেগ ওয়েডসওর্থের ফেসবুক প্রোফাইল সূত্রে জানা যায়, তিনিও নাসকারে ছিলেন। থাকতেন নর্থ ক্যারোলাইনাতেই।

গণমাধ্যমের সংবাদ সূত্র বলছে, উড়োজাহাজটির পাইলট হিসেবে কে ছিলেন তা নিশ্চিত হওয়া না গেলেও উল্লেখিত তথ্য পর্যালোচনা নিশ্চিত হওয়া যায়, বিধ্বস্ত উড়োজাহাজটিতে কোনো বাংলাদেশি নাগরিক ছিলেন না।

সুতরাং, যুক্তরাষ্ট্রে বিধ্বস্ত প্রাইভেট জেটের পাইলট বাংলাদেশি ছিলেন শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: