সম্প্রতি, ‘শেখ হাসিনার মিছিল সব জায়গায়, শেয়ার করুন বেশি বেশি’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি শেখ হাসিনার সমর্থনে মিছিলের নয়। প্রকৃতপক্ষে, এটি ১০ নভেম্বর উখিয়া বাজারে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মযজ্ঞের ঘটনার ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে ‘mdrajaul525’ নামক টিকটক অ্যাকাউন্টে ১০ নভেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, এটি উখিয়া বাজারে আগুনের ঘটনায় ধারণকৃত।
এ বিষয়ে আরো অনুসন্ধান করে দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে ১০ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন কক্সবাজারে উখিয়ায় বিপণিকেন্দ্রে (মার্কেট) আগুন লেগে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ আলী (৫৭)। আগুনে দোতলা মার্কেটের বেশ কিছু দোকান পুড়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছেন।
সেসময় দেশের অন্যান্য গণমাধ্যমও এবিষয়ে সংবাদ (১, ২, ৩) প্রচার করে।
অর্থাৎ, ভিডিওটি শেখ হাসিনার সমর্থনে কোনো মিছিলের ঘটনার নয়।
সুতরাং, ১০ নভেম্বর উখিয়া বাজারে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মযজ্ঞের ভিডিওকে শেখ হাসিনার সমর্থনে মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- mdrajaul525 – TikTok Video
- Prothom Alo – উখিয়ার বিপণিকেন্দ্রে অগ্নিকাণ্ড, ব্যবসায়ীর মৃত্যু


