শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ছাত্রলীগ-যুবলীগের মিছিল দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, ‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ নিল সহযোগী সংগঠন যুবলীগ এবং ছাত্রলীগ’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ১৩ হাজার বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে বিএনপির সমাবেশের বিরুদ্ধে আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের পাল্টা কর্মসূচি পালনের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৬ জুলাই ‘রাজপথ দখলে রাখবে আওয়ামী লীগ’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে যুগান্তরের ওয়েবসাইটে ২০২৩ সালের ২৬ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২৭ জুলাই (২০২৩) ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ব্যানারে পালটা কর্মসূচি দেয় আওয়ামী লীগ। এদিন শাসক দল বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে পাল্টা সমাবেশের ডাক দেয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক জমায়েতের প্রস্তুতি নেওয়া হয়। দফায় দফায় চলে প্রস্তুতি সভা।
সুতরাং, ২০২৩ সালে বিএনপির সমাবেশের বিরুদ্ধে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি পালনের ভিডিওকে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কর্মসূচি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Ekattor TV – রাজপথ দখলে রাখবে আওয়ামী লীগ
- Jugantor – ঢাকার রাজপথের অবস্থান ধরে রাখতে চায় আওয়ামী লীগ

