গণভোট অধ্যাদেশ ইস্যুতে বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ দাবিতে আ.লীগ নিষিদ্ধের বিক্ষোভের ভিডিও প্রচার 

গত ২৯ মার্চ রাতে জাতীয় সংসদে বিশেষ কমিটির সভায় গণভোট অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হবে না বলে জানিয়েছে বিএনপি। সরকারি দলের এই সিদ্ধান্তে নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দিয়েছে জামায়াত। এই ঘটনার প্রেক্ষিতে, ‘বিএনপি সরকার গণভোট অধ্যাদেশ বাতিল করায় সাধারণ ছাত্র-জনতা শাহবাগ চত্বরের রাজপথে নেমেছে’ শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷

প্রচারিত ভিডিওতে ‘লীগ ধর, জেলে ভর’ শীর্ষক স্লোগান শোনা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ৭৮ হাজার বার দেখা হয়েছে, এটিতে প্রায় ৫ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি প্রায় ৫ শত বার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গণভোট অধ্যাদেশ সংসদে উত্থাপিত না হওয়ার সিদ্ধান্তে সাধারণ ছাত্র-জনতা শাহবাগ চত্বরের রাজপথে নামার মতো কোনো ঘটনা ঘটেনি এবং এই দাবি প্রচারিত ভিডিওটিও সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৫ সালের মে মাসে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিক্ষোভের দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷

এ বিষয়ে অনুসন্ধানে Face the people এর ফেসবুক পেজে ২০২৫ সালের ১০ মে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যাবলীর সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটির ক্যাপশনে ‘‘লীগ ধর, জেলে ভর’স্লোগানে উত্তাল শাহবাগ’ উল্লেখ করা হয়৷ ভিডিওটিতে রাজধানীর শাহবাগ মোড়ে উপস্থিত জনতাকে ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ব্যান ব্যান আওয়ামী লীগ’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

অর্থাৎ, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার দৃশ্য নয়।

পরবর্তীতে, The Daily Campus এর ফেসবুক পেজে ২০২৫ সালের ০৯ মে “লীগ ধর, জেলে ভর’ স্লোগানে উত্তাল শাহবাগ’ ক্যাপশনে প্রকাশিত ভিডিওতেও আলোচিত ভিডিওটির সাথে সাদৃশ্যপূর্ণ দৃশ্য লক্ষ্য করা যায়।

এ বিষয়ে একাধিক গণমাধ্যমে (, , ) প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ২০২৫ সালের ০৯ মে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনকারীরা। সেখানে অবস্থান নিয়ে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। উক্ত বিক্ষোভে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরাও যোগ দেয়।

তাছাড়া, আলোচিত ভিডিওটির এক পর্যায়ে পূর্বে শাহবাগ মোড়ে অবস্থিত প্রজন্ম চত্বরের একটি অংশ দেখতে পাওয়া যায়। গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১২ জুলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন উক্ত স্থাপনাটি ভাঙার কাজ শুরু করে এবং এর জায়গায় ‘জুলাই মনুমেন্ট’ স্থাপনা তৈরির কথা জানায়। এবং ২০২৫ সালের আগস্ট মাসে শাহবাগে পূর্বের প্রজন্ম চত্বরের স্থলে ‘জুলাই মনুমেন্ট’ স্থাপন করা হয়।

উক্ত বিষয়টিও নিশ্চিত করে যে আলোচিত ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার দৃশ্য নয়।

সুতরাং, গণভোট অধ্যাদেশ সংসদে উত্থাপন বাতিল ইস্যুতে বিএনপির সিদ্ধান্তের প্রতিবাদে শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভের দৃশ্য দাবিতে ২০২৫ সালের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: